নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ছাইবোঝাই গাড়ি যাতায়াতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সালানপুর থানার রূপনারায়ণপুরের বাসিন্দারা। জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুর থেকে ছাইবোঝাই ডাম্পারগুলি যাচ্ছে ঝাড়খণ্ডের গোড্ডায়। গাড়ি গেলেই রাস্তা দিয়ে ছাই উড়তে থাকে। গাড়িগুলি নিজেদের রুট পরিবর্তন করে সালানাপুরের রূপনারায়ণপুর থেকে বিহার রোড হয়ে ঝাড়খণ্ডে ঢুকছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন, ছাইবোঝাই গাড়িগুলি এই রুটে চলার কথা নয়। নিয়ম ভেঙেই তারা যাতায়াত করছিল। এদিন বাসিন্দারা প্রতিবাদ করেছেন। পুলিস কয়েকটি ডাম্পার আটক করে থানায় নিয়ে গিয়েছে।



