নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সিলিকোসিস নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। বিভিন্ন কারখানায় শুরু হল আকস্মিক পরিদর্শন। জেলাশাসকের উদ্যোগে বিভিন্ন দপ্তর মিলে আগেই ‘আকস্মিক পরিদর্শন টিম’ গঠন করা হয়েছিল। শুক্রবার সেই টিমের সদস্যরা সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের একটি সেরামিক কারখানা পরিদর্শন করেন। সেখানে হাতেগোনা কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। কারখানায় শ্রমিক গরহাজিরা নিয়ে রহস্য দানা বাঁধে। স্থানীয় বাসিন্দা অমর মাহাত বলেন, নামেই আকস্মিক পরিদর্শন টিম। আগে থেকেই কারখানা কর্তৃপক্ষ খবর পেয়ে সব শ্রমিকদের সরিয়ে দিয়েছিল।



