দীপাবলিতে আকাশছোঁয়া বিমানভাড়া!  জরুরি শুনানির আর্জি শুনে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘বিমানে চড়বেন না’
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৮:২৯
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ নভেম্বর: উৎসবের মরশুমে বাড়ি ফেরার তাড়া, আর সেই সুযোগেই আকাশছোঁয়া হয়েছে বিমানভাড়া। দীপাবলির আগে দেশজুড়ে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে যখন যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। দাবি ছিল, উৎসবের মরশুমে বিমানভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হোক। কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি শুনে কার্যত ভিন্ন সুর শোনা গেল শীর্ষ আদালতে। বিচারপতি বিক্রম নাথের সংক্ষিপ্ত মন্তব্য, 'বিমানে চড়বেন না'। এরপরই তিনি মামলাটি সরিয়ে পরবর্তী মামলা শুনতে বলেন বিচারপতি।

Advertisement

এদিন সুপ্রিম কোর্টে দীপাবলির মরশুমে দেশের অভ্যন্তরীণ বিমানভাড়া স্বাভাবিকের তুলনায় প্রায় ৭০০ শতাংশ বেড়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে দাবি করেন আবেদনকারীর আইনজীবী। এই ভাড়ার উর্ধ্বসীমা বেঁধে দেওয়ার কথা জানান ওই আইনজীবী। এই উৎসবের সময় সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ যাতে বিমান পরিষেবা উপভোগ করতে পারে তার আবেদন জানান তিনি। আরো জানান, ছুটি কিংবা জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলির ইচ্ছেমতো ভাড়া বাড়ানো বৈষম্যমূলক। এটি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত সাম্যের অধিকারের পরিপন্থী বলেও দাবি করা হয়। এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আবেদনকারীর দাবি, উৎসবের মরশুম, ছুটির দিন এবং জরুরি পরিস্থিতিতে বিমান সংস্থাগুলির অস্বাভাবিক ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশ দিক। তবে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয় বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। 

উল্লেখ্য, গত অক্টোবরেই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, বিমানভাড়া নিয়ন্ত্রণের জন্য ভারতীয় বায়ুযান অধিনিয়ম, ২০২৪-এর আওতায় নতুন বিধি তৈরির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। দু'সপ্তাহের মধ্যে সেই বিধি প্রকাশিত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানির আগে নতুন নিয়মগুলি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তার আগেই জরুরি শুনানির দাবি জানিয়েছিলেন আবেদনকারী।