Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংকোশ নদীতে পাড়বাঁধের দাবিতে বিক্ষোভ পূর্ব ফলিমারিতে

সংকোশ নদীতে পাড়বাঁধের দাবিতে বিক্ষোভ পূর্ব ফলিমারিতে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: বর্ষায় ফুলেফেঁপে ভয়ঙ্কর হয়ে ওঠে সংকোশ নদী। তার জেরে ভাঙন ব্যাপক আকার নেয়। ভাঙন রুখতে বর্ষার আগে পাঁচশো মিটার পাথরের পাড়বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রবিবার তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি এলাকার বাসিন্দারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। গ্রামের পুরুষ ও মহিলারা  প্ল্যাকার্ড হাতে প্রায় ঘণ্টাখানেক সেখানে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, ভোটের আগে নেতা মন্ত্রীরা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যান। অথচ কাজের কাজ কিছুই হয় না। নদীবেষ্টিত পূর্ব ফলিমারি গ্রামে দেড়শো পরিবারের বাস। প্রতিবছর বর্ষার মরশুমে সংকোশ নদীর ভাঙনে দিশেহারা পরিস্থিতি হয়। গত কয়েকবছরে ভাঙনে চাষের জমি, বসতবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। কেউ কেউ আবার ভিটেমাটি হারিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। 
Advertisement
এদিন ইউসুফ আলিশেখ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, শুধুমাত্র বর্ষার মরশুমেই নয়, সারাবছর ধরে নদী ভাঙনের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভাঙনের জেরে বসতবাড়ি তিনবার অন্যত্র সরিয়ে নিয়েছি। 
একইঅবস্থা আমার মত গ্রামের অনেকেরই। নদী যেভাবে বসতির দিকে এগিয়ে আসছে, বর্ষা শুরুর আগে পাকা বাঁধ না হলে ভিটেমাটি হারিয়ে পরিবার নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না। আবু শেখতালুকদার নামে আরএক বাসিন্দা বলেন, এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেন। ইতিমধ্যেই প্রায় চারশো একর আবাদি জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। আমরা এনিয়ে একধিকবার প্রশাসন, জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে বাঁধ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
এ ব্যাপারে মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্ল্যান এস্টিমেট করে যত দ্রুত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ