নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সাঁকরাইল ব্লকের বীরভাসা জঙ্গলে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ফটিক মাহাত (৫৪)। ছত্রী গ্ৰাম পঞ্চায়েতের দুধকুন্ডী গ্ৰামে বাড়ি। এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রবিবার বিকেলে বীরভাসা জঙ্গল থেকে দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে,গত ১৫ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয়। সাঁকরাইল থানায় তার পরের দিন নিখোঁজ ডায়েরি করা হয়। গত রবিবার বিকেলে বীরভাসা জঙ্গল লাগোয়া গ্ৰামের এক বাসিন্দা গাছের ডালে ঝুলন্ত দেহ দেখতে পান। জঙ্গল থেকে ফিরে গ্ৰামবাসীদের খবর দেন। পুলিস খবর পেয়ে জঙ্গলে যায় । সেখান থেকে দেহ উদ্ধার করে । মৃতের ভাই অশোক মাহাত বলেন, দাদা কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একসপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে সব জায়গায় খোঁজাখুঁজি চলছিল। থানায় নিখোঁজ ডায়েরী করা হয়েছিল। রবিবার বিকেলে খবর পায় বীরভাসার জঙ্গলে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। সন্দেহ হওয়ায় ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের লোকজন। দাদার দেহ ফুলে পচন ধরলেও চিনতে অসুবিধা হয়নি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে স্ত্রী, ছেলে, বৌমা, নাতি, নাতনি নিয়ে সুখের সংসার। দাদার মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন দেখা দিল তা আমাদের কাছেও অজানা। সাঁকরাইল থানার এক অফিসার বলেন, নিখোঁজ ডায়েরী হয়েছিল। পুলিস প্রৌঢ়ের খোঁজে সন্ধান চালাচ্ছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



