Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকার কাপে প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ী সপ্তর্ষি ক্লাব

সকার কাপে প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ী সপ্তর্ষি ক্লাব
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয়ী হল সপ্তর্ষি ক্লাব। সোমবার দুপুরে বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ৫-৪ গোলের ব্যবধানে নবদ্বীপ কর্মমন্দিরকে হারিয়ে দেয়। ফলে নবদ্বীপের এই ক্লাব টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছল।
Advertisement
এদিন সপ্তর্ষি ক্লাব ছয়জন বিদেশি খেলোয়াড় নিয়ে দল গঠন করেছিল। নবদ্বীপ কর্মমন্দিরেও পাঁচজন বিদেশিকে খেলতে দেখা যায়। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দু’পক্ষই আক্রমণাত্মক ছিল। শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দু’পক্ষই বারবার একে অপরের গোলবক্সে হানা দেয়।
প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় কর্মমন্দিরের বিদেশি খেলোয়াড় উইলিয়াম ওপকো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সপ্তর্ষি ক্লাবের আগস্টিন গোল করে খেলায় সমতা ফেরান। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১। এরপর দু’দলের খেলোয়াড়রা বেশ কয়েকটা সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে বিদেশি খেলোয়াড় গঞ্জোর দেওয়া গোলে সপ্তর্ষি ক্লাব ব্যবধান বাড়ায়। ৩২ মিনিটে সপ্তর্ষি ক্লাবের স্থানীয় খেলোয়াড় সৌরভ মণ্ডলের গোলে ব্যবধান বেড়ে ৩-১ হয়ে যায়। তবে সেই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই কর্মমন্দিরের ক্রিস্টোফারের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। খেলার শেষ মুহূর্তে ৩৫ মিনিটে কর্মমন্দিরের ঋত্বিক তুলুঙ্গার দেওয়া গোলে ফল ৩- ৩ হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে সপ্তর্ষি ক্লাব জয়ী হয়। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নবদ্বীপ সেবক সমিতি ও নবদ্বীপ বিএসএফ ক্লাব।
সম্পর্কিত সংবাদ