নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সোনাউল্লা হাইস্কুলের শতবর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার শোভাযাত্রা হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বেরিয়ে শহর পরিক্রমা করে ফের স্কুলেই শেষ হয়। স্কুলের বর্তমান ছাত্র ও শিক্ষকদের পাশাপাশি প্রাক্তনীরা এতে শামিল হন। স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস বলেন, এদিন যেভাবে শোভাযাত্রায় সাড়া মিলেছে, তাতে আমরা অভিভূত। এরপর আগামী ১৫ জানুয়ারি স্কুলে ইসরোর একটি প্রদর্শনী রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে শতবর্ষের মূল অনুষ্ঠান হবে। স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন বলেন, জলপাইগুড়ি রাজবাড়িতে আমাদের স্কুলের প্রথম পথচলা শুরু। তারপর বর্তমানে যেখানে স্কুল, সেখানে আসে ১৯২১ সালে। করোনার কারণে আমরা ২০২১ সালে শতবর্ষ উদ্যাপন করতে পারিনি। এখন তা হচ্ছে। স্কুলের ইতিহাস তুলে ধরতে স্মারকগ্রন্থ প্রকাশিত হবে।



