সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লক সদরে অনুষ্ঠিত ‘আমার মেলা’ অনুষ্ঠানে দেশের জাতীয় সঙ্গীত বিকৃত করে গাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও (যদিও বর্তমান এই ভিডিওর সত্যতা যাচাই করেনি)। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও তাঁর ছেলে রিয়াজুল করিম বক্সির দ্বারা পরিচালিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ‘আমার মেলা’ অনুষ্ঠিত হয়। গত ৪-৯ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জাতীয় সঙ্গীত রক ও চুটুল ভাবে গাওয়া হয় বলে অভিযোগ। এতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ সংস্কৃতিমনস্ক মানুষদের। জাতীয় সঙ্গীতকে র্যাপ ভার্সনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কীভাবে গাওয়া হল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমি বাইরে ছিলাম, কী হয়েছে জানি না। তবে জাতীয় সঙ্গীতের অবমাননা করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



