সংবাদদাতা, শিলিগুড়ি: জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়লেন পিএইচই’র ইঞ্জিনিয়াররা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইসকন রোডে তিলেশ্বারী অধিকারী হাইস্কুল মাঠে। ট্যাঙ্ক তৈরির জন্য পিএইচই’র তরফে স্কুলের মাঠের একটি অংশ চিহ্নিত করা হয়েছিল। সেই মতো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছিলেন আধিকারিকরা। এদিন জায়গা পরিদর্শন করতে আসেন ইঞ্জিনিয়াররা। তাঁদের দেখে স্থানীয় কিছু বাসিন্দা জলের ট্যাঙ্ক তৈরির আপত্তি জানান। তাঁদের সঙ্গে প্রতিরোধে শামিল হন স্কুলের শিক্ষকরাও।
স্কুলের প্রধান শিক্ষক পার্থ দত্ত বলেন, জল প্রকল্পের ট্যাঙ্ক তৈরির জন্য যে জায়গা বাছা হয় সেটি স্কুলে ঢোকার রাস্তা। এখানে ট্যাঙ্ক করা হলে মাঠ ও স্কুলের পরিবেশ নষ্ট হবে। সেকথা আমরা জানিয়েছি। স্থানীয় বাসিন্দা ভাবনী অধিকারী বলেন, আমার দাদু স্কুলের জন্য এই জায়গা দান করেন। তাই স্কুল ভবনের বাইরে অন্য কোনও কাজ এখানে করা যাবে না। বিশেষ করে খেলার মাঠ নষ্ট করে। গোটা এলাকায় এটিই একমাত্র মাঠ। এখানে তিনটি স্কুল। ছাত্রছাত্রীরা এই মাঠে খেলাধুলো করে। পাশাপাশি স্থানীয় মানুষ এই মাঠে প্রাতর্ভ্রমণ করে। তাই এখানে জলের ট্যাঙ্ক করা যাবে না। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সুকান্ত মণ্ডল বলেন, জেলাশাসকের নির্দেশে আমরা এসেছিলাম। মাঠটি প্রাথমিক স্কুলের নামে। প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এনওসি পেয়েছি। এখানে ট্যাঙ্ক তৈরির জন্য মাঠের কোনও ক্ষতি হবে না। স্কুলের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে। স্কুলের দাবি মতো স্কুলেরও কিছু সংস্কার করে দেওয়া হবে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য এটি সরকারি প্রকল্প।