Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের খেলার মাঠে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আপত্তি গ্রামবাসীদের

স্কুলের খেলার মাঠে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আপত্তি গ্রামবাসীদের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: এলাকায় একটি মাত্র খেলার মাঠ। সেই মাঠের একাংশে তৈরি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন দাসপুর-১ ব্লকের মানিকপুর গ্রামের বাসিন্দারা। তাঁরা জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরি করার জন্য অন্য জায়গা রয়েছে, কিন্তু প্রশাসন জোর করেই খেলার মাঠ দখল করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করতে চাইছে। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার  পাত্র বলেন, ‘মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি খেলার মাঠ রয়েছে। তারই এক ধারে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়িটি তৈরির শুরুর সময় থেকে গ্রামের কিছু মানুষ আপত্তি জানিয়ে দরখাস্ত করেছিলেন। আমরা এলাকায় গিয়ে কথা বলেছি। মাঠের পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলে কারওরই কিছু সমস্যা হবে না বলে গ্রামের বেশিরভাগ মানুষই জানিয়েছেন। তাই পূর্ব নির্দিষ্ট জায়গাতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি তৈরির কাজ হবে।’
Advertisement
ওই গ্রামের অবস্থিত ৫০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জরাজীর্ণ। মাথার চাল ভেঙে যাওয়ায় ত্রিপল দিয়ে কাজ চালানো হচ্ছে। তার মধ্যেই ১৩৮ জনের রান্না হয়। এর মধ্যে পড়ুয়া প্রায় ৬০ জন। কিন্তু অত পড়ুয়াকে বসিয়ে পড়ানোর জায়গা নেই। তাই তাদের শুধু খাবারই দেওয়া হয়। ১৫-২০ জন শিশুকে কোনও রকমে ঠেসাঠেসি করে বসিয়ে পড়ানো হয়। ওই কেন্দ্রের কর্মী স্মৃতিকণা চক্রবর্তী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়িটি ভাঙাচোরা হওয়ায় মালপত্র রাখতে হয় প্রায় তিন কিলোমিটার দূরে অন্য একটি কেন্দ্রে। সেখান থেকে টোটোতে মালপত্র নিয়ে এসে রান্না করতে হয়।
ওই কেন্দ্রের জন্য প্রায় তিন বছর আগেই বাড়ি তৈরির টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু অজানা কারণে এতদিন বাড়ি তৈরি শুরু হয়নি। বর্তমানে মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের একপাশে ওই কেন্দ্রের জন্য ভিত খোড়া হচ্ছে। গ্রামবাসীদের থেকে জানা গেল, মাত্র চার শতক জায়গার উপর ওই মাঠটিতে প্রাথমিক স্কুলের পড়ুয়া ছাড়াও গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলো করে। মাঠ দখল করে অঙ্গনওয়াড়ি তৈরি করার ফলে খেলার জায়গা কমে যাচ্ছে। ওই গ্রামের বাসিন্দা উত্তম পাত্র, সুজয় আদক, কালীপদ আদক, প্রাণকৃষ্ণ মান্না প্রমুখ জানান, গ্রামে অঙ্গনওয়াড়ি করার জন্য আরও অনেক জায়গা রয়েছে। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য নতুন বাড়িটি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এনিয়ে তাঁরা গণস্বাক্ষরিত আবেদনও করেছিলেন। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। জোর করে মাঠের পাশেই বাড়ি তৈরি চালিয়ে যাচ্ছে।
ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাড়ি তৈরি করতে আপত্তি করায় কয়েক দিন আগে ব্লক প্রশাসন থেকে এলাকায় তদন্তে যাওয়া হয়েছিল। কিন্তু আধিকারিকদের সামনে কেউ আপত্তি করেননি। উত্তমবাবু জানান, যাঁরা আপত্তি করেছেন তাঁদের না জানিয়েই প্রশাসন কিছু মানুষকে সাজিয়ে তাঁদের বক্তব্য নিয়ে চলে গিয়েছে। ফের বাড়ি তৈরি শুরু করবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ