নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলবাসগুলি সরকারি নিয়ম মেনে চলছে কি না সেব্যাপারে নজরদারি চালানোর নির্দেশ দিলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। শুক্রবার পরিবহণ দপ্তর ও ট্রাফিক পুলিসকে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই মহকুমা শাসক বলেন, স্কুলবাস নিয়ে অনেক সময় নানা অভিযোগ আসে। কখনও শুনতে পাওয়া যায় নথি ঠিক নেই। কখনও আবার অভিযোগ ওঠে, ফিটনেস ঠিক নেই। এ ব্যাপারে পরিবহণ দপ্তরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। সেগুলি কঠোরভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। নজরদারি বাড়াতে হবে। এ ব্যাপারে স্কুলগুলিকেও সচেতন করতে হবে। এর পাশাপাশি দুর্ঘটনা রুখতে নতুন ব্ল্যাক স্পট চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে জানানো হয় ট্রাফিক পুলিসকে। হাইওয়ে কর্তৃপক্ষকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়।



