Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য

সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: শনিবার দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন এক পঞ্চায়েত সদস্য, সন্ধ্যায় আবার বিজেপিতে ফিরে গেলেন সেই পঞ্চায়েত সদস্য। আর এতেই রাজগঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার  শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীক্ষা কর্মসূচি করা হয়। পাশাপাশি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ১৮/৯৭ ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন। এদিন সন্ধ্যাতেই ফের বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন। তিনি বলেন, কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য জানিয়েছিলেন এলাকার উন্নয়নের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কাজ দেবে, কিন্তু গিয়ে দেখি দলীয় কর্মসূচি চলছে। জোরপূর্বক তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল। 
Advertisement
এবিষয়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রী সর্বাণী ধারা বলেন, ওই পঞ্চায়েত সদস্য ১৬ জানুয়ারি তৃণমূলে যোগদানের জন্য আবেদন করেছিলেন। সেই কারণেই তাঁকে এদিন যোগদান করান হয়। হয়তো ভয়-ভীতি দেখিয়ে আবারও তাঁকে বিজেপি নিয়ে গিয়েছে। তবে ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ ভিত্তিহীন। বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনর নিতাই মণ্ডল বলেন, আমাদের পঞ্চায়েত সদস্য দলেই আছেন। কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে জোর করে উত্তরীয় এবং তৃণমূলের দলীয় পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল। এই জঘন্য রাজনীতি রাজগঞ্জ ব্লকে আগে ছিল না। কিন্তু এখন এই সরকারের আমলে সবই দেখতে হচ্ছে।
 
সম্পর্কিত সংবাদ