সংবাদদাতা, ধূপগুড়ি: স্কুল চলাকালীন আচমকাই ঝোপের মধ্যে কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্ক ছড়াল সংলগ্ন এলাকায়। ঘটনার পর ভয়ে স্কুল ছেড়ে বাড়ি চলে যায় অনেক পড়ুয়া। সোমবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত গয়েরকাটার গিল্ড মিশন প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে। তবে কঙ্কালটি কোথা থেকে এল? খুন নাকি স্বাভাবিক মৃত্যু? এমন একাধিক প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন বাসিন্দা স্কুলের পাশের ঝোপে কঙ্কাল দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ির এসডিপিও এবং আইসি। পুলিস ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। তবে সদ্য এলাকায় কারও নিখোঁজ হওয়ার খবর নেই। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কাল ফরেন্সিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি পাঠানো হচ্ছে। তবে উদ্ধার হওয়া কঙ্কালের একটি পায়ের হাড়ের একাংশে লোহার প্লেট বসানো আছে।



