Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল পরিচালন সমিতির নয়া সভাপতিকে সরানোর দাবি

স্কুল পরিচালন সমিতির নয়া সভাপতিকে সরানোর দাবি
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সদ্য মনোনিত পরিচালন সমিতির সভাপতিকে সরানোর দাবিতে সোমবার বিষ্ণুপুরের মড়ার সম্মিলনি হাইস্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, অভিভাবকদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই নতুন একজনকে স্কুল পরিচালন সমিতির সভাপতি পদে বসানো হয়েছে। তা তাঁরা মানেন না। তাই তাঁকে সরিয়ে বিকল্প কাউকে এই পদে বসানোর দাবিতে এদিন তাঁরা বিক্ষোভ দেখান। এ প্রসঙ্গে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, যাঁকে নতুন সভাপতি করা হয়েছে এলাকায় তাঁর স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাঁকে মনোনিত করার সুপারিশ করে শিক্ষাদপ্তরে পাঠানো হয়েছিল। স্কুলে কোনও রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না। কিছু মানুষের স্বার্থে আঘাত লাগায় তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন অভিভাবককে উস্কেছেন।   
Advertisement
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ঘোষ বলেন, পূর্বতন সভাপতি মারা যাওয়ায় স্কুলের অর্থনৈতিক কাজকর্ম আটকে ছিল। সেজন্য আমরা দ্রুত সভাপতি পদে কাউকে মনোনিত করার জন্য আবেদন জানিয়েছিলাম। সেই মতো শিক্ষাদপ্তর থেকে অশোক বেওড়া নামে স্থানীয় একজনকে ওই পদে বসানো হয়েছে। তিনি উচ্চশিক্ষিত। সরকারি নিয়ম অনুযায়ী তাঁর যোগ্যতাও রয়েছে। এ ব্যাপারে অশোকবাবু বলেন, স্কুলের উন্নয়নের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আমাকে সভাপতি করা নিয়ে কিছু অভিভাবক আপত্তি জানিয়েছেন বলে শুনেছি। তবে সিংহভাগ অভিভাবকই আমার পক্ষে রয়েছেন। 
বিক্ষোভকারীরা বলেন, আমাদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি মনোনিত করা হয়েছে। তাই আমরা নতুন সভাপতিকে মানছি না। আমরা চাই অন্য কাউকে ওই পদে বসানো হোক। সেজন্য এদিন আমরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছি।  -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ