Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে পুজো করেননি প্রধান শিক্ষক, বিক্ষোভ

স্কুলে পুজো করেননি প্রধান শিক্ষক, বিক্ষোভ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার স্কুলে সরস্বতী পুজো করা হয়নি। তাই ক্ষিপ্ত কাটোয়ার পারুলিয়া গ্রামের বাসিন্দারা মঙ্গলবার প্রাথমিক স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন। পরে তালা খুললেও প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পড়ুয়াদেরও এদিন স্কুলে পাঠাননি তাঁরা। মিড ডে মিল নিয়েও ক্ষোভে ফুঁসছেন অভিভাবক থেকে পড়ুয়ারা। প্রধান শিক্ষকের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামের মানুষ। তাঁদের দাবি, প্রতি বছরই স্কুলে সরস্বতী পুজো হয়। এবার স্কুলে নতুন শিক্ষক এসেই সেই পুজো বন্ধ করে দিলেন। এমনকী অভিভাবকদের সে কথা জানানোই হয়নি যদিও স্কুলের প্রধান শিক্ষক অমিত ভট্টাচার্য বলেন, আমার হাতে টাকা নেই। তাই সরস্বতী পুজো করতে পারিনি। দু’ বছর ধরে স্কুলের জন্য টাকা পাইনি। কাটোয়ার পশ্চিম চক্রের অধীনে গোয়াই পঞ্চায়েতের পারুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৪৩ জন পড়ুয়া রয়েছে। দু’ জন স্থায়ী ও একজন আংশিক সময়ের শিক্ষক রয়েছেন। প্রতি বছর ধুমধামের সঙ্গেই মা সরস্বতী পুজো হয় স্কুলটিতে। পড়ুয়াদের খিচুড়ি খাওয়ানো হয়। এবার সব বন্ধ। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিক্ষকরা স্কুলে যেতেই দেখেন গেটে তালা ঝুলছে। প্রধান শিক্ষক বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে স্কুলের তালা খোলালেও বিক্ষোভ কমেনি। বেলার দিকে বাসিন্দারা জড়ো হয়ে প্রধান শিক্ষককে ঘিরে জানতে চান, সরস্বতী পুজো কেন বন্ধ করা হল। স্কুলের ফান্ডে যে টাকা নেই, তা অভিভাবকদের আগে কেন জানানো হয়নি।  পারুলিয়া গ্রামের বাসিন্দা সনৎ মণ্ডল, রিঙ্কু দাস, বিথীকা দাসরা বলেন, আমরা চাঁদা তুলে পুজো করতাম! আমাদের সঙ্গে শিক্ষক আলোচনাই করেননি। আসলে শিক্ষকদের রুচিবোধের অভাব। তাঁরা নিজেরাই তো ছোট করে হলেও পুজো করতে পারতেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ