সংবাদদাতা, ময়নাগুড়ি: স্কুলছুট পড়ুয়াদের এবার স্কুলে ফেরাতে উদ্যোগ নিল ময়নাগুড়ি থানা। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে আইসি সুবল ঘোষের কথা হয়েছে। স্কুলে আসছে না, এমন পড়ুয়াদের লিস্ট তৈরি করতে বলা হয়েছে। সেই তালিকা অনুযায়ী অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলছুট পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা করতে চলেছে ময়নাগুড়ি থানা। থানায় একটি কোচিংক্যাম্প খোলা হয়েছে। যেখানে বিনামূল্যে বিভিন্ন বিষয়ে কোচিং দেওয়া হয়। সেখানে বর্তমানে ৪০০ পড়ুয়া পড়ছে। শিক্ষকরাও সেখানে পড়ানোর জন্য আসছেন। আইসি বলেন, স্কুল ছুটের ঘটনা রুখতে আমরা সেই পড়ুয়ার অভিভাবকদের সঙ্গে কথা বলব। তাদের বাড়ির বাচ্চারা পুনরায় স্কুলে এসে পড়াশোনা করুক, সেই চেষ্টা করব।



