Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, উত্তেজনা 

স্কুল বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, উত্তেজনা 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: ফের বেপরোয়া স্কুলেবাসের ধাক্কায় মৃত্যু শিলিগুড়িতে। মঙ্গলবার মাল্লাগুড়িতে ক্ষুদিরাম চকের কাছে একটি স্কুল বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজু রাজভর(২৮)। তাঁর বাড়ি শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে। দার্জিলিং মোড়ে একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন ওই যুবক। শহরে স্কুল বাসের ধাক্কায় চলতি বছরেই এই নিয়ে দু’জনের প্রাণহানি হল। স্থানীয় এবং পুলিস সূত্রে খবর, মঙ্গলবার  সকাল সাড়ে এগারোটা নাগাদ বাজার করতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন রাজু। মাল্লাগুড়ির ক্ষুদিরাম চকের কাছে একটি স্কুল বাস দ্রুতগতিতে এসে রাজুকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই মারা যান রাজু। 
Advertisement
বাড়ির ছোট ছেলে ছিলেন তিনি। রাজুর পরিবারের ক্ষোভ, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিস ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করতে পারেনি। এমনকী ঘাতক বাসটিকেও আটক করেনি পুলিস। দুর্ঘটনাস্থলটি জংশন ট্রাফিক গার্ড এলাকার মধ্যে পড়ে। ফলে তাঁদের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।
কয়েক মাস আগে শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে একটি স্কুল বাসের ধাক্কায় ফুটপাতে উঠে যায় একটি চলন্ত অটো। সেই টোটোর ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় শহরে স্কুলবাসের বেপরোয়া চলাচল ও অনিয়ম নিয়ে শোরগোল পড়ে। এদিকে মঙ্গলবারের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্পর্কিত সংবাদ