Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন দপ্তরের কাজে লাগানো হবে ভিবি জি রাম জি’র দক্ষ শ্রমিকদের

ভিবি জি রাম জি প্রকল্পের শ্রমিকদের অন্যান্য সরকারি দপ্তরে কাজ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন।

বিভিন্ন দপ্তরের কাজে লাগানো হবে ভিবি জি রাম জি’র দক্ষ শ্রমিকদের
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এবার থেকে ভিবি জি রাম জি প্রকল্পের শ্রমিকদের অন্যান্য সরকারি দপ্তরের কাজেও লাগানো হবে। ১২৫ দিনের প্রকল্পে যাতে শ্রমিকরা বেশি করে কাজ পান, তার জন্যই রাজ্য সরকার এই নির্দেশ দিয়েছে। শনিবার রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকরা জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানেই ওই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। তারপর জেলায় জেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

Advertisement

বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, রাজ্যের নির্দেশে আমরা চলতি সপ্তাহে সব লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করব। বর্ষায় বনদপ্তরের মাধ্যমে বৃক্ষরোপণ হবে। সেচদপ্তরে ক্যানেল, নদীবাঁধ মেরামতের কাজ করবে। ওইসব কাজে ১২৫ দিনের কাজের শ্রমিকদের নিয়োগ করা হবে।   
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ থেকে ২৬ জুলাই পর্যন্ত বাঁকুড়ায় জি রাম জি প্রকল্পের আওতায় ১২ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে। প্রথম দিকে জেলায় কাজের গতি বেশি থাকলেও বর্তমানে কিছুটা কমেছে। এখন জেলার সিংহভাগ পঞ্চায়েতেই প্রশাসন প্রকল্প চালু করেছে। শতাধিক প্রকল্পের আওতায় শ্রমিকরা কাজ করছেন। বর্ষার বৃষ্টির জেরে মাটি কাটার কাজ থমকে রয়েছে। অনেক জায়গায় খানাখন্দ জলে ভরে গিয়েছে। ফলে এখন আর নতুন করে মাটি কাটার কোনো প্রকল্প প্রশাসন নিতে চাইছে না। তবে বন, সেচ, কৃষি সহ কয়েকটি দপ্তর বর্ষায় কাজ করে। তাদের মাধ্যমে শ্রমিকদের কাজ দেওয়া গেলে শ্রমদিবস সৃষ্টির হার বজায় রাখা যাবে। আবার ওইসব দপ্তরকে আলাদা করে শ্রমিকদের মজুরি মেটাতে হবে না। ফলে প্রশাসন তথা সরকারের দু’দিকই বজায় থাকবে। 
জেলাশাসক বলেন, বর্ষার মরশুমে পঞ্চায়েতগুলিকে কাজের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এইসময় গ্রাম সভার বৈঠক আয়োজন করতে হবে। সেখান থেকে নতুন প্রকল্পের প্রস্তাব তুলে আনতে হবে। অফ সিজনে পঞ্চায়েতে বসে সেইসব প্রকল্পের এস্টিমেট তৈরি করে রাখতে হবে। এব্যাপারে আমরা পঞ্চায়েতগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি। বর্ষা মিটলে বা পুজোর পর যাতে পুরো দমে কাজ শুরু করা যায় তারজন্যই এই নির্দেশ দেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ