Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে চারটি নতুন ইংরেজি মাধ্যম স্কুল

সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে চারটি নতুন ইংরেজি মাধ্যম স্কুল
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: বীরভূম জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পড়ুয়াদের পঠনপাঠনের উন্নতির লক্ষ্যে চারটি নতুন ইংরেজি মাধ্যম বিদ্যালয় তৈরি হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ অর্থে দু’টি জায়গায় স্কুলের ভবন তৈরির কাজ শুরু হয়েছে। বাকি দু’টি জায়গায় স্কুল নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণের কাজও চলছে জোরকদমে। খুব শীঘ্রই নির্মীয়মাণ দু’টি স্কুল নিজেদের হাতে নেবে সংখ্যালঘু দপ্তর। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি জেলার সংখ্যালঘু মানুষজন। 
Advertisement
দিনের পর দিন শহর থেকে গ্রামাঞ্চলে পড়ুয়াদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার প্রবণতা বাড়ছে। শহরাঞ্চলের পড়ুয়ারা একাধিক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে। তবে তার জন্য অভিভাবকদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু সংখ্যালঘু এলাকায় পড়ুয়াদের ইংরাজি মাধ্যম স্কুলে পড়ার ইচ্ছে থাকলেও আর্থিক সামর্থ্য না থাকার কারণে তারা পড়ার সুযোগ পাচ্ছিল না। তাই জেলার দু’টি ব্লকের চারটি সংখ্যালঘু প্রধান জায়গায় ইংরাজি মাধ্যম স্কুল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জেলা সংখ্যালঘু দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুরারই-১ ও ২ ব্লক এবং নলহাটি ১ ও ২ ব্লকে ইংরেজি মাধ্যম স্কুলগুলি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মুরারই-১ ও নলহাটি-১ ব্লকে দু’টি স্কুলের ভবন নির্মাণের কাজ প্রায় ৫০শতাংশের বেশি হয়ে গিয়েছে। এই চারটি স্কুল নির্মাণের জন্য রাজ্য সরকারের উদ্যোগে প্রায় তিন কোটি ৬২লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে প্রায় এক কোটি ১৯লক্ষ টাকার বেশি ইতিমধ্যেই খরচ করা হয়েছে। জানা গিয়েছে, সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এর আগে জেলার পাথরচাপুড়িতে মডেল মাদ্রাসা স্কুল এবং একটি আইআইটি তৈরি করা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলি সফলভাবেই চলছে। তারপর স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 
জেলা সংখ্যালঘু আধিকারিক সঞ্জীব টিকাদার বলেন, জেলায় চারটি ইংরাজি মাধ্যমে স্কুল তৈরির উদ্যোগ নিয়েছি। তারমধ্যে দু’টি স্কুল নির্মাণের কাজ চলছে জোরকদমে। ৫০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। আমরা খুব শীঘ্রই সেগুলি হাতে পাব। আরও দু’টি স্কুলের কাজও তাড়াতাড়ি শুরু হবে।
সম্পর্কিত সংবাদ