Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারের জঙ্গলে নিখোঁজ যুবকের কঙ্কাল, খুনের অভিযোগ

মহম্মদবাজার থানার গণপুরের জঙ্গল থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।

মহম্মদবাজারের জঙ্গলে নিখোঁজ যুবকের কঙ্কাল, খুনের অভিযোগ
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: মহম্মদবাজার থানার গণপুরের জঙ্গল থেকে এক যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পোশাক দেখে পরিজনরা নিশ্চিত হন যে, কঙ্কালটি ভাড়কাঁটা গ্রামের নিখোঁজ যুবক কিতাবুল শেখের (২২)। গত ১৬ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গ্রামেরই এক সঙ্গীর বিরুদ্ধে কিতাবুলকে খুনের অভিযোগ করেছেন তাঁরা। কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে গণপুরের জঙ্গলে মাশরুম তুলতে গিয়ে কঙ্কালটি পড়ে থাকতে দেখেন এক স্থানীয় আদিবাসী। খবর পেয়ে শুক্রবার সকালে ভাড়কাঁটা গ্রাম থেকে কিতাবুলের বাড়ির লোকজন সেখানে পৌঁছান। কঙ্কালের পাশে পড়ে থাকা প্যান্ট ও গেঞ্জি দেখে সেগুলি কিতাবুলের বলেই নিশ্চিত করেন তাঁরা। মৃত যুবকের মামা নাইম শেখ বলেন, কিতাবুল হেরোইনের নেশায় আসক্ত ছিলেন। গ্রামেরই এক হেরাইনের কারবারির সঙ্গে তাঁর নিয়মিত ওঠাবসা ছিল। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ওই যুবক কিতাবুলকে নিজের বাইক ও মোবাইল দিয়ে হেরোইন কিনতে পাঠায়। কিন্তু কিতাবুল তা নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। পরে সেখান থেকে বাইক ও ফোন উদ্ধার করে ওই যুবককে ফেরত দেওয়া হলেও সে বাড়িতে এসে কিতাবুলকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ।
এর দিন পাঁচেক পরে, ১৬ মে থেকে নিখোঁজ হয়ে যান কিতাবুল। অনেকে খোঁজাখুঁজি করেও না পেয়ে তাঁর মা সেরিফা বিবি থানায় ডায়েরি করেন। সেরিফা বিবির দাবি, গত ২৯ মে ছেলের খোঁজে তিনি অভিযুক্ত যুবকের বাড়ি গেলে তাঁকে গালিগালাজ করা ও ভয় দেখানো হয়। কিতাবুলের সন্ধান ওই যুবকই জানে বলে দাবি করে সেরিফা বিবি ৩১ মে থানায় আরও একটি লিখিত অভিযোগ জানান। তবে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে চম্পট দেয়। এখনও পর্যন্ত তার খোঁজ নেই। 
কঙ্কাল উদ্ধারের পর পরিবারের সন্দেহ, মোবাইল, বাইক ও নেশার দ্রব্য বচসার জেরেই কিতাবুলকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছিল ওই যুবক। তবে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি কার তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। ডিএনএ পরীক্ষার পর তা নিশ্চিত করা বলা যাবে। পুলিশ আরও জানিয়েছে, কঙ্কাল উদ্ধারের ঘটনায় নতুন করে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কঙ্কালের অংশগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ