সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পৃথক দুটি বাইক দুর্ঘটনায় জখম বাইক চালক সহ তিনজন। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুকুন্দপুর বাঁধ রোডে। জখম হয়েছেন মুকুন্দপুরের চায়না খাতুন। বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল মহিলাটি। কুশিদা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁকে। পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় তাঁকে কুশিদা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
Advertisement
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে জাবরা এলাকায়। আহত হয়েছেন রাড়িয়াল গ্রামের বাসিন্দা তথা ইট ভাটা শ্রমিক অভয় পোদ্দার ও সাদলিচকের বাসিন্দা বাইকচালক সফিকুল ইসলাম। অভয় জাবরার একটি ইটভাটায় কাজ করে রাস্তায় উঠছিলেন। চাঁচলের দিক থেকে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। দু’জনই জখম হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।



