সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার ভগবানপুর স্ট্যান্ডের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে রবিবার রাতে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। তাঁরা সম্পর্কে কাকা ভাইপো। তাঁরা বাইকে করে শ্রীপুর থেকে সামসি আসছিলেন। একটি চারচাকার গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁদের সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মালদহ মেডিক্যালে রেফার করা হয়। আহতদের নাম মহম্মদ সামাউন ও কবিরুল ইসলাম। তাঁদের বাড়ি রতুয়া থানার চাঁদমণি ২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। সামসি ফাঁড়ির পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করেছে। গাড়িচালক পলাতক।



