Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুজয়ের নামে খড়্গপুরে টাকা তোলা, অভিযুক্ত শহর যুবনেতা  

সুজয়ের নামে খড়্গপুরে টাকা তোলা, অভিযুক্ত শহর যুবনেতা
 
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা,মেদিনীপুর: তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল খড়্গপুর শহর যুব সভাপতির বিরুদ্ধেই। অভিযোগ, ওই যুবনেতা এক ব্যক্তির কাছে দলের ফ্লেক্স ছাপানোর জন্য জেলা সভাপতির নাম করে টাকা চান। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে। তড়িঘড়ি ওই যুবনেতার বিরদ্ধে পদক্ষেপ নেন জেলা সভাপতি। তাঁর দাবি, খড়্গপুর যুব সভাপতির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। যদিও পুলিস জানিয়েছে, এব্যাপারে তাদের কিছু জানা নেই। যুব সভাপতি সনু সিং অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। 
Advertisement
বুধবার জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘খড়্গপুর শহরের এক ব্যক্তি আমাকে ফোন করে সনু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, দলের ফ্লেক্স ছাপানোর নামে টাকা চেয়েছে সনু। প্রথম কিস্তির টাকাও নিয়ে নেয়। আমি ওই ব্যক্তিকে থানায় অভিযোগ দায়ের করতে বলি। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে আমায় জানিয়েছেন। এবার পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখবে। আমিও পুলিসকে বলেছি ঘটনার তদন্ত করে কড়া ব্যবস্থা নিতে হবে।’ একই সঙ্গে সুজয়ের সংযোজন, ‘আমার সঙ্গে সনুর দীর্ঘ ছ’মাস যোগযোগ নেই। লোকসভা ভোটে তিনি পার্টির হয়ে কাজ করেননি। বরং বিরোধিতা করেছেন। অথচ, আমার নাম করে টাকা নেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ১০ তারিখে। দলে আমার স্পষ্ট বার্তা রয়েছে, আমার বা তৃণমূলের নাম করে যদি কেউ টাকা চায়, তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে। পুলিসকেও এব্যাপারে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রেও আমি ওই ব্যক্তিকে থানায় যেতে বলেছি। 
যদিও যুব সভাপতি বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে আসলে যুব সভাপতির পদ থেকে সরাতে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। কোন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার কথা বলা হচ্ছে আমি জানি না। টাকা নিয়েছি কিনা তা প্রমাণ করা হোক। থানায় অভিযোগ হয়েছে কিনা খবর নেওয়া হোক।’ 
সম্পর্কিত সংবাদ