বিশেষ সংবাদদাতা, রায়পুর: ভোটে জিতেছেন স্ত্রী। কিন্তু শপথ নিলেন স্বামী! এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়ের কবিরধাম জেলা। সেখানে পঞ্চায়েত ভোটে জয়ী ছয় মহিলা প্রার্থীর জায়গায় তাঁদের স্বামীরা শপথ নিয়েছেন বলে অভিযোগ। গত সোমবার পান্ডারিয়া ব্লকের পরসওয়াড়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কবিরধাম জেলা পঞ্চায়েতের সিইও অজয় ত্রিপাঠী জায়েছেন, এব্যাপারে পান্ডারিয়া জনপদ পঞ্চায়েতের সিইওকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পেশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



