নয়াদিল্লি: বিচারপতি যশোবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তাঁকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশের বিরোধিতায় আগেই সরব হয়েছে সেখানের বার অ্যাসোসিয়েশন। তাদের কটাক্ষ, এলাহাবাদ হাইকোর্ট ডাস্টবিন নাকি? আর এবার বিচারপতি ভার্মার বদলি স্থগিত রাখার দাবিতে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে একযোগে চিঠি লিখল ছ’টি বার অ্যাসোসিয়েশন। এই তালিকায় রয়েছে গুজরাত হাইকোর্ট, কেরল হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, লখনউ বার অ্যাসোসিয়েশন। টাকা উদ্ধারের ঘটনার দায় নির্ধারণে উপযুক্ত তদন্তের দাবিও তোলা হয়েছে এই চিঠিতে। এই চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে বার অ্যাসোসিয়েশনগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি খান্না। এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের প্রধান অনিল তিওয়ারি জানিয়েছেন, বিচারপতি ভার্মার বদলি স্থগিত রাখার আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। তবে শেষপর্যন্ত বদলি বহাল থাকলেও বিচারপতি ভার্মার বিচারবিভাগীয় কাজকর্ম স্থগিতই থাকবে। অর্থাৎ দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে গেলেও আপাতত কোনও মামলার শুনানিতে তিনি থাকতে পারবেন না।



