সংবাদদাতা, রামপুরহাট: হাওড়া ডিভিশনের রামপুরহাট স্টেশনে ১২ মিটার চওড়া নতুন ফুট ওভার ব্রিজের গার্ডার বসানোর জন্য আগামী রবিবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেবে বেল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমটাই জানানো হয়েছে। এই দীর্ঘ ব্লকের জেরে একগুচ্ছ লোকাল ও মেমু ট্রেন বাতিল হওয়ায় এবং একাধিক এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করায় চরম ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
রেল সূত্রে জানা গিয়েছে, ব্লক চলাকালীন রামপুরহাট স্টেশনের সব লাইনেই কাজ চলবে। এর ফলে বর্ধমান, কাটোয়া, আজিমগঞ্জ, জসিডি ও গোড্ডা রুটের একাধিক মেমু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৩৫৮২, ৬৩৫৮৩ ও ৬৩৫৮৪ রামপুরহাট-বর্ধমান মেমু, ৬৩০৮১ রামপুরহাট-জসিডি মেমু, ৬৩০০৮ রামপুরহাট-কাটোয়া মেমু, ৬৩০৬৪ মেমু এবং শিয়ালদহ-গোড্ডা ও গোড্ডা-শিয়ালদহ মেমু। পাশাপাশি, কাটোয়া-রামপুরহাট মেমু (৬৩০০৭) ট্রেনটিও সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
শুধু লোকাল বা মেমু নয়, প্রভাব পড়ছে দূরপাল্লার বা গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনেও। রবিবার শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস (১৩১৮৭/১৩১৮৮) এবং হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস (১২৩৪৭/১২৩৪৮) রামপুরহাটের পরিবর্তে তারাপীঠ রোড স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। ফলে তারাপীঠ রোড ও রামপুরহাটের মাঝে ব্লক চলাকালীন ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রবিবার যেহেতু সপ্তাহান্তের ছুটির দিন, তাই তারাপীঠ মন্দির দর্শনার্থী, পড়ুয়া, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের ভিড় থাকে। হঠাৎ করে এতগুলি ট্রেন বাতিল ও যাত্রাপথ কাটছাঁট হওয়ায় স্টেশন চত্বরে ভিড় এবং সড়কপথে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন যাত্রীদের একাংশ। বিশেষ করে যাঁরা রামপুরহাট হয়ে সংযোগকারী ট্রেন ধরার পরিকল্পনা করেছিলেন, তাঁদের সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লক চলাকালীন প্রয়োজনে কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বদল কিংবা পথ পরিবর্তন করা হতে পারে। যাত্রীদের বিভ্রান্তি এড়াতে স্টেশনের ঘোষণা বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করলেও যাত্রী সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থেই এই কাজ জরুরি বলে মনে করছে রেল।



