সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়া-অণ্ডাল রুটে লোকাল ট্রেন বৃদ্ধির দাবি নিত্যযাত্রীদের। কারণ জেলার বাণিজ্যিক শহর হিসাবে পরিচিত সাঁইথিয়া। তাছাড়া এই লাইনে জেলার সদর শহর রয়েছে সিউড়ি। এই সাঁইথিয়া-অণ্ডাল রুটে রয়েছে নলাটেশ্বরী, বক্রেশ্বর, পাহাড়েশ্বর সহ একাধিক পীঠস্থানে যাওয়ার যোগাযোগ। কিন্তু ট্রেনের নিত্যযাত্রীদের দাবি, দিনের একটি নির্দিষ্ট সময়ের পর প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় উভয় দিকে এই রুটে কোনও ট্রেন চলাচল করে না। ফলে চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। প্রতিদিন সাঁইথিয়া-অণ্ডাল এবং অণ্ডাল-সাঁইথিয়া রুটে ছয় জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে। কিন্তু দিনের বেলা সাঁইথিয়া থেকে ১০টা ৪০ মিনিট এবং অণ্ডাল থেকে সকাল ৮টা ২৫ নাগাদ শেষ লোকাল ট্রেন রওনা দেওয়ার পর প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা এই রুটে আর কোনও ট্রেন চলাচল করে না। একইভাবে অণ্ডাল থেকে সকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ প্রথম মেমু ট্রেন ছাড়ে সাঁইথিয়ার দিকে। পরবর্তী ট্রেন ৮টা ২৫ মিনিট নাগাদ রওনা দেওয়ার পর দুপুর ২টোর আগে কোনও ট্রেন সাঁইথিয়া যায় না। তবে সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ হুল এক্সপ্রেস অণ্ডাল স্টপেজ দিয়ে সিউড়ি পর্যন্ত যায় এবং আবার দুপুর ১টা ৪০ মিনিটে সিউড়ি থেকে ছেড়ে অণ্ডাল স্টপেজ দিয়ে হাওড়া যায়। সকালে সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস অণ্ডাল হয়ে শিয়ালদহ যায়। তবে তাতে সাঁইথিয়ার যাত্রীরা ট্রেনটির কোনও সুবিধা গ্রহণ করতে পারেন না বলে অভিযোগ। তাই সাঁইথিয়া থেকে অণ্ডাল আপ-ডাউনের জন্য আরও কয়েকজোড়া লোকাল ট্রেন চালুর দাবি নিত্যযাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়া থেকে প্রতিদিন ভোর ৪ টে ১০ মিনিট, সকাল ৯টা ও ১০টা ৪০ মিনিটে তিনটি মেমু এবং ৬টা ৬ মিনিটে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি অণ্ডালের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিটের পর পরবর্তী লোকাল ট্রেন রয়েছে বিকেল ৪টে ৪০ মিনিটে। অর্থাৎ এই দীর্ঘ ছয় ঘণ্টা সাঁইথিয়া থেকে সিউড়ি যাওয়ার আর কোনও ট্রেন নেই। তাই দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে সাঁইথিয়ার ব্যবসায়ীদের অনেকে আসানসোল, দুর্গাপুর যাওয়ার দরকার পড়লে বাসের ওপরই ভরসা করতে হয়। কিন্তু সাঁইথিয়া থেকে সরাসরি আসানসোল বা দুর্গাপুরের বাসও খুবই কম চলে। তাই যাত্রীদের সিউড়ি এসে বাস পরিবর্তন করে তবেই আসানসোল বা দুর্গাপুর যেতে হয়। কিন্তু ট্রেনের তুলনায় বাসের ভাড়া বেশি হওয়ায় ব্যবসায়িক কাজে ট্রেন যাত্রাকেই গুরুত্ব দেন ব্যবসায়ীরা। তাই এই রুটে দীর্ঘক্ষণ ফাঁকা সময়ে কয়েক জোড়া লোকাল ট্রেন চালুর দাবি তুলেছেন সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, পাণ্ডবেশ্বর সহ একাধিক এলাকার বাসিন্দারা। অন্যদিকে আসানসোল, দুর্গাপুর থেকেও বহু মানুষ উত্তরবঙ্গের দিকে ট্রেন ধরার জন্য সাঁইথিয়া স্টেশনকে গুরুত্ব দেন। কারণ হাওড়া, শিয়ালদহ থেকে প্রতিদিন বহু ট্রেন উত্তরবঙ্গের দিকে যাতায়াত করে এই সাঁইথিয়া স্টেশনের ওপর দিয়ে। সেইসব ট্রেনের অধিকাংশ স্টপেজ রয়েছে এই সাঁইথিয়াতে। তাই সেখানকার বাসিন্দারাও চাইছেন এই রুটে লোকাল ট্রেন বাড়ানো হোক।
সাঁইথিয়ার এক ব্যবসায়ী তথা পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, এই শহর জেলার অন্যতম ব্যবসায়িক শহর হিসাবে পরিচিত রয়েছে। এখানে রেলের রেক পয়েন্ট রয়েছে। তাছাড়াও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসার জিনিসপত্র কেনার জন্য এই শহরের উপর ভরসা করেন অনেকে। কিন্তু দিনের ব্যস্ততম সময়েই এখান থেকে অণ্ডালগামী ট্রেন চলে না। এই রুটে ট্রেন বৃদ্ধি করা খুবই দরকার।



