Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়ার ১৩টি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোড়াফুল

সাঁইথিয়ার ১৩টি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জোড়াফুল
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়া ব্লকের ছ’টি পঞ্চায়েতের ১৪টি সমবায়ের মধ্যে ১৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দেরিয়াপুরে মহম্মদবাজার-সাঁইথিয়া রাস্তা অবরোধ করে তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী। সাঁইথিয়া ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৩টি সমবায়ে বিজেপি বা অন্যান্য বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। শুধু এই বিধানসভার হরপলসা সমবায়ে এদিন মনোনয়ন জমা হয়নি। পরে দিনক্ষণ নির্দিষ্ট করা হবে বলে জানা গিয়েছে। এই এলাকার দেরিয়াপুর পঞ্চায়েত  বিজেপির দখলে থাকলেও সমবায়ে তারা মনোনয়ন জমা দিতে পারেনি। তৃণমূলেরই একটি গোষ্ঠী অনিয়মের অভিযোগ তুলে অবরোধ করে। তৃণমূলের একটি গোষ্ঠীর দাবি, বিক্ষোভকারীরা বিজেপির লোক। প্রায় ঘণ্টাখানেক ধরে মহম্মদবাজার-সাঁইথিয়া রাস্তা অবরোধ চলার পর পুলিস অবরোধ তুলে দেয়। তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি বলেন, নিয়ম মেনেই মনোনয়ন হয়েছে। বিজেপির লোকেদের একাধিক দুর্নীতি ফাঁস হয়েছে। এলাকার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। তাই ১৩টি সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয় পেয়েছি। বিক্ষোভকারীরা আমাদের দলের লোক নয়। বিজেপির দাবি, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীই অবরোধ করেছে। বিক্ষুব্ধ পীযূষ পাল বলেন, আমরা শাসকদলেরই সমর্থক। বেনিয়মের প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ