নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাঁইথিয়ার রেল ব্রিজের সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করা সহ আরও ১৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিলেন তাঁরা। মঙ্গলবার প্রায় ১০০ জন মিলে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, অতি দ্রুত রেল ব্রিজ সম্প্রসারণের কাজ শুরু করতে হবে। রেলস্টেশনের পূর্ব দিকে একটি নতুন টিকিট কাউন্টার করতে হবে। এছাড়াও দশটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে থামার ব্যবস্থা করতে হবে। সাঁইথিয়া আমোদপুর হয়ে কাটোয়া লাইনে ট্রেন চালানোরও দাবি জানান তাঁরা। সাঁইথিয়া রেল ব্রিজ বন্ধ থাকার জন্য রেলের ফুট ওভারব্রিজ দিয়ে পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষকে যাতে অকারণে হয়রানি না করা হয় তার দাবিও জানানো হয় এদিন। পথপ্রদর্শক নাগরিক মঞ্চ নামে একটি সংস্থার তরফ থেকে এইসব দাবি লিখিতভাবে জমা দেওয়া হয়। সাঁইথিয়ার বাসিন্দা প্রীতম দাস, চিন্টু রায়, ছোটন দত্ত বলেন, আমরা ১৬ দফা দাবি নিয়ে রেল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দিয়েছি। আমাদের এইসব দাবি যদি না মানা হয় তবে আগামী একমাস পরই সাধারণ মানুষজন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আশা করি সাঁইথিয়াবাসীর কথা ভেবে রেল বিষয়গুলি বিবেচনা করবে।



