Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্য ভাইফোঁটা, ভিনদেশি ভাইদের ফোঁটা দিল তিস্তাপাড়ের বোনেরা

তিস্তাপাড়ের বোন, দিদিদের কাছ থেকে ফোঁটা নিল ভারতবর্ষের পাশাপাশি নেপাল, মায়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানের ভাই ও দাদারা।

অন্য ভাইফোঁটা, ভিনদেশি ভাইদের ফোঁটা দিল তিস্তাপাড়ের বোনেরা
  • ২৩ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তাপাড়ের বোন, দিদিদের কাছ থেকে ফোঁটা নিল ভারতবর্ষের পাশাপাশি নেপাল, মায়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানের ভাই ও দাদারা। জলপাইগুড়ির সরকারি হোম কোরকে এই ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই হোমে এখন ৮৯ জন ছেলে রয়েছে। বেশিরভাগের পরিবারের খোঁজ নেই। অনেকের আবার পরিবার বলতে কিছু নেই। ওইসব ছেলেদের জন্য ভাইফোঁটার আয়োজন করে হোম কর্তৃপক্ষ। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাইরে থেকে মেয়েরা এসে হোমের ছেলেদের ফোঁটা দেয়। ছিল মিষ্টিমুখের আয়োজন। ফোঁটা নিয়ে হোমের ছেলেরা উপহার হিসেবে তুলে দেয় নিজেদের হাতে তৈরি গ্রিটিংস কার্ড। হোমে আজ খাবারের মেনুতে ছিল মাংস-ভাত। হোমের সুপার গৌতম দাস বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি অন্য হোমের মেয়েরাও এসে আমাদের এখানকার ছেলেদের জাতি ধর্ম নির্বিশেষে ফোঁটা দেয়।’

Advertisement

এদিকে, জলপাইগুড়ির অনুভব হোমের মেয়েদের অনেকেই জানে না, তাদের ভাই কিংবা দাদা আছে কি না। কারও আবার ভাই বা দাদা থাকলেও তারা কোথায় আছে জানা নেই। সেইসব জানা, অজানা ভাই বা দাদার মঙ্গল কামনায় এদিন হোমের অন্দরে গাছে ফোঁটা দেয় তারা। একইসঙ্গে শহরের অসহায় বৃদ্ধদের ফোঁটা দেয় অনুভবের মেয়েরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ