নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা, করিমপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে গত শুক্রবার করিমপুর ২ ব্লক প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন শতাধিক মহিলা ও কয়েকজন পুরুষ। বিক্ষোভ চলাকালীন ব্লক অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এবার সরকারি কর্মীদের মারধর, সরকারি কাজে বাধা দেওয়া, কাগজপত্র ছিঁড়ে ফেলা এবং উস্কানিমূলক কথা বলে বিক্ষোভকারীদের প্ররোচিত করার অভিযোগে দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করল করিমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের বিক্ষোভকে কেন্দ্র করে ব্লক প্রশাসনের তরফে করিমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বিক্ষোভকারীদের কয়েকজন ব্লক অফিসের ভিতরে ঢুকে সরকারি কর্মীদের মারধর করেন। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছেঁড়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। তদন্তে নেমে করিমপুর থানার পুলিশ ব্লক অফিসের সিসি ক্যামেরার ফুটেজের পাশাপাশি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজও দেখে। সেই ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মহিলা সহ মোট তিনজনকে শনাক্ত করা হয়। এরপর রবিবার রাতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা নির্ধারিত সময়ে অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগে শুক্রবার করিমপুর ২ ব্লক প্রশাসনিক দপ্তর ও ধোড়াদহ ২ গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন বহু মহিলা। বিক্ষোভকে ঘিরে ব্লক অফিস চত্বরে উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল কালীগঞ্জ ব্লক অফিস চত্বর। টাকা না পাওয়া মহিলাদের পাশে দাঁড়িয়ে এদিন ব্লক অফিসের সামনে বিক্ষোভে শামিল হয় সিপিএম। কর্মসূচিতে বহু মহিলা অংশ নেন। বিকেল ৩টে থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে সাড়ে ৫টা পর্যন্ত। বিডিও অফিসের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান সিপিএমের নেতাকর্মী ও মহিলারা। তাঁদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধান করে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে সিপিএমের এক প্রতিনিধি দল বিডিওর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্লক অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন সরব হন বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা। তাঁদের দাবি, দ্রুত বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সোমবার তেহট্ট-১ ব্লক অফিসের মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখান একদল মহিলা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বিক্ষোভকারী মহিলারা বিডিও অফিসের ভিতরে ঢুকে তাঁদের অভিযোগ জানান। মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা টাকা পাচ্ছেন না। প্রকৃত যোগ্য মহিলারা কেন বঞ্চিত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বহু মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না। পরে বিডিও সম্রাট বাগচী বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে এবিষয়ে কথা বলেন। তাঁদের অভিযোগ শোনার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।