সংবাদদাতা, দিনহাটা: মাত্র তিন মাসেই গ্রামে গ্রামে বিজেপির কর্মসূচিতে ভিড় কমছে। রাজ্যে পালাবদলের আগে দলের কর্মিসভায় মানুষের যে ভিড় থাকত, রাজ্যে ক্ষমতায় আসার পরে সেই ভিড় বৃদ্ধির পরিবর্তে ক্রমশ কমছে। পথসভায় ভিড় না বাড়াতে পারলে আগামী দিনে সমূহ বিপদ দেখছেন খোদ দিনহাটার বিজেপি নেতা।
সোমবার দলের নীচুতলার কর্মীদের উদ্দেশ্যে একটি অডিয়ো বার্তা দেন দিনহাটার বাসিন্দা দলের জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস। ওই অডিয়ো বার্তা ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। সেই ভাইরাল হওয়া অডিয়ো বার্তায় দলের কর্মসূচিতে মানুষের উপস্থিতির হার কমায় আগামী দিনে সমূহ বিপদের আশঙ্কা করেন জীবেশবাবু। দলের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিয়ো বার্তায় ওই নেতা বলেন— এটা আশা ছিল যে প্রত্যেকটা শক্তি কেন্দ্রের যে পথসভাগুলি হবে সেগুলিতে জনজোয়ার হবে। সেখানে জনজোয়ার তো হচ্ছেই না বরঞ্চ লোকসংখ্যা অনেক কমে গিয়েছে। কীসের জন্য এটা হচ্ছে, সেদিকে ধ্যান দেওয়া উচিত সমস্ত কার্যকর্তাদের। অডিয়ো বার্তায় তিনি আরও বলেন, যদি পথসভাগুলিতে মানুষের উপস্থিতি বাড়ানো না যায়, আগামী দিনে তাহলে সমূহ বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। সেজন্য বুথের প্রত্যেক কর্মীকে মাঠে নামান।
ভাইরাল অডিয়ো প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেন, দলের কর্মীদের উদ্বুদ্ধ করতেই অডিয়ো বার্তা দিয়েছিলাম। তবে কীভাবে সেটা ভাইরাল হল সেটা জানি না।
যদিও বিজেপি নেতার ওই অডিয়ো হতে আসতেই কটাক্ষ করেছে বিরোধীরা। তারা বলছে, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে তা তারা পালন করতে ব্যর্থ হচ্ছে। মানুষ তাই বিজেপির থেকে দূরত্ব তৈরি করা শুরু করে দিয়েছে। কর্মসংস্থানের পরিবর্তে হাকারদের উচ্ছেদ করে কাজ কেড়ে নিচ্ছে, অন্নপূর্ণা যোজনার নামে মহিলাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ডবল ইঞ্জিনের সরকারের আমলে নিত্যপণ্যের দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তার ফলেই মানুষ বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে।