নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের বোনেরা ভাইফোঁটার দিন মিহিদানা আর সীতাভোগ তুলে দেবেন না এমনটা হতে পারে না। সন্দেশ, রসগোল্লা যাই থাক না কেন, ওই দুই মিষ্টি চাই ই চাই। কিন্তু এবার সেসব মিষ্টি কিনতেই বোনেদের হাত পুড়ছে। সীতাভোগ বা মিহিদানার দাম সম্প্রতি কেজিতে ৩৫-৪০ টাকা বেড়ে গিয়েছে। অন্যান্য মিষ্টি কিনতেও বোনেদের হাত পুড়ছে। ব্যবসায়ীরা বলছেন, এর অন্যতম কারণ চিনির দাম বৃদ্ধি। মাঝে কিছুদিন চিনির দাম কমেছিল। আবার বাড়তে শুরু করে। এছাড়া কারিগরদেরও পারিশ্রমিক বেড়ে গিয়েছে। কোনো কোনো দোকানে অবশ্য দাম না বাড়লেও মিষ্টির সাইজ ছোট হয়েছে। সীতাভোগ বা মিহিদানার মানও কমে গিয়েছে। সেসব বোনেদের পছন্দ নয়। কষ্ট হলেও বেশি দাম দিয়েই তাঁরা মিষ্টি কিনছেন।
মিষ্টি ব্যবসায়ী প্রমথকুমার সিং বলেন, সব জিনিসেরই দাম বেড়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার আগের চেয়ে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। চিনির দামও চড়া। সেকারণে মিহিদানা, সীতাভোগ সহ অন্যান্য মিষ্টির দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। সীতাভোগ বা মিহিদানা বর্ধমানের বিভিন্ন দোকানে আলাদা আলাদা দামে বিক্রি হয়। আসলে সবটাই গুণগত মানের উপর নির্ভর করে। ভাইফোঁটার দিন ভাল স্বাদের মিষ্টি কিনতেই বোনেরা পছন্দ করেন। সেই কারণে বিভিন্ন স্বাদের সন্দেশ ও রাজভোগ তৈরি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকেই দোকানগুলিতে মিষ্টি কেনার ভিড় দেখা যায়। কয়েকটি নামী দোকানে রীতিমতো লাইন পড়ে যায়। ক্রেতা শিবানী দে বলেন, এই সময় প্রতি বছরই স্পেশাল মিষ্টি তৈরি হয়। সব ধরনের মিষ্টি কিনেছি। দাম বেশি হলেও উপায় নেই। ভাইদের মুখে হাসি ফোটাতে হবে তো।
আর এক ক্রেতা সুমনা চক্রবর্তী বলেন, মিষ্টির দাম বাড়লেও নজর দেওয়ার কেউ নেই। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম ঠিক করেন। তাছাড়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটাও দেখা হয় না। পুজোর আগে শহরের একটি নামী দোকানে খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা নিম্নমানের পনির উদ্ধার করেছিলেন। কিন্তু তারপর থেকে আর অভিযান চালাতে দেখা যায়নি। ব্যবসায়ীরা যে দাম ঠিক করবেন তাতেই কিনতে হবে। সবকিছু কিনতে দরদাম করা যায়। কিন্তু মিষ্টির ফিক্সড দাম। উৎসবের সময় বেশি দাম দিয়েই মিষ্টি কিনতে হয়। ব্যবসায়ীরা বলেন, ভাইফোঁটার জন্য আগেরদিনই বাড়তি মিষ্টি তৈরি করা হয়। তারপরও ভাইফোঁটার দিন অধিকাংশ দোকানেই মিষ্টি শেষ হয়ে যায়। দাম বাড়লেও বোনেরা কার্পণ্য করেন না। বর্ধমানে মিষ্টির দোকানে ভিড়।-নিজস্ব চিত্র



