নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ভাইফোঁটায় পছন্দের মিষ্টি আর মাছের পদ সাজিয়ে আপ্যায়ন করার প্রস্তুতি নিচ্ছেন দিদি ও বোনরা। কিন্তু, উৎসবের আনন্দে এবার যেন বাধ সেধেছে বাজারদর। ভাইফোঁটার আগে মিষ্টি থেকে মাছ, মাংস থেকে সবজির দাম ঊর্ধ্বমুখী। ফলে ভাইয়ের মুখে হাসি ফোটাতে গিয়ে কালঘাম ছুটছে দিদি ও বোনদের। তবে এই মূল্যবৃদ্ধির বাজারেও এবার ‘ফুচকা মিষ্টির’ চাহিদা আকাশছোঁয়া। ফুচকার খোলের ভেতর ভরে দেওয়া হচ্ছে মিষ্টি। যা কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতাই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরে মিষ্টির দাম ১৫ টাকা থেকে শুরু। কোনো কোনো কোনও মিষ্টির দাম ২৫ থেকে ৩০ টাকা। রসমালাই, গোলাপ জাম, পটলের মোরব্বা, অমৃত কলসের পাশাপাশি চকোলেট দিয়ে তৈরি অভিনব মিষ্টির চাহিদা বেশি। ভাইয়ের জন্য পোশাক কিনতেও দোকানে ভিড় করেন দিদি ও বোনরা।
মেদিনীপুর শহরের মিষ্টি ব্যবসায়ী রূপম দাস বলেন, সাধারণ মানুষের কথা ভেবে এখনো মিষ্টির দাম খুব বেশি বাড়ানো হয়নি। চিনি ও রিফাইন তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মেদিনীপুর শহর শাখার সম্পাদক সুকুমার দে বলেন, প্রতিটি উপকরণের দাম বেড়েছে। মিষ্টি তৈরি করতে আগের তুলনায় অনেক বেশি খরচ হচ্ছে। এভাবে চলতে থাকলে পুজোর পর মিষ্টির দাম বাড়াতে বাধ্য হবেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, শুধু মিষ্টি নয়, মাছের বাজারেও আগুন লেগেছে। কয়েক দিন আগেও পাইকারি বাজারে ভেটকি মাছ কেজিপ্রতি ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকায়। পমফ্রেট মাছের দামও ৬৫০-৭০০ টাকা থেকে এক হাজার টাকায় পৌঁছেছে। ইলিশের দাম পাইকারি বাজারে ১৮০০ থেকে ২০০০ টাকা হয়েছে। পাশাপাশি চিংড়ি ও কাতলা মাছের দামও বেড়েছে। অর্থাৎ ভালো মানের মাছের দাম অস্বাভাবিক বেড়েছে।
পাল্লা দিয়ে বেড়েছে মাংসের দামও। খাসির মাংসের দাম কেজি প্রতি ৮৫০ টাকা থেকে বেড়ে ৯৫০ টাকায় পৌঁছেছে। মুরগির মাংসের দামও ২২০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। মেদিনীপুর শহরের মাছের আড়তদার মিলন সিংহ বলেন, পাইকারি বাজারেই মাছের দাম অনেকটা বেড়েছে। স্বাভাবিকভাবেই খুচরো বাজারে তার প্রভাব পড়ছে।
এদিন মেদিনীপুরের রাজা বাজারে এসেছিলেন রাহুল দাস। তিনি বলেন, দিদির বাড়িতে যাব। মিষ্টিতো নিয়ে যেতেই হবে। কিন্তু, বাজারে সবকিছুর আগুন দাম।



