সিরাজ-জাদেজা ফের বাদ, তোপ গাভাসকরদের
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার জয় হাতছাড়া হয়েছিল দুর্বল বোলিংয়ের কারণে। দল নির্বাচন নিয়েও উঠেছিল প্রশ্ন। কিন্তু কে শোনে কার কথা! কোচ গৌতম গম্ভীর বরাবরই জেদি, একগুঁয়ে। তিনি যেটা ভালো বোঝেন, সেটাই করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও একাই ভুলের পুনরাবৃত্তি।  বোলিংয়ে পরিবর্তন বলতে শুধু প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় গুরনুর ব্রারের অন্তর্ভুক্তি। আবারও ব্রাত্য মহম্মদ সিরাজ। এমনকী বর্ষীয়ান স্পিনার রবীন্দ্র জাদেজার নামও বিবেচিত হল না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের দৈনদশা ফুটে ওঠার পর ফের সমালোচনার ঝড় উঠেছে। এবার টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, ‘এই পিচে অবশ্যই জাদেজাকে খেলানো উচিত ছিল। শেষ দু’দিনে ওর মতো বোলার অনেক বেশি কার্যকরী হতে পারত। সাম্প্রতিককালে সিরাজই ভারতের অন্যতম সফল পেসার। তবুও ওকে বসিয়ে রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না।’ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কায়িফ তোপ দেগেছেন গম্ভীরকে। তিনি বলেছেন, ‘এটা দেখে খারাপ লাগছে যে, দেশের অন্যতম সেরা পেসারকে বসিয়ে রাখা হচ্ছে ড্রেসিং-রুমে। বিদেশের মাটিতে লাল বলের ম্যাচে সিরাজের নাম সবার আগে ভাবা উচিত। এতে বুমরাহর চাপ কমত। খোদ বোলিং কোচ মর্কেল বলছে, সিরাজ বিশ্বমানের পেসার। তাহলে বাদ দেওয়ার কারণ কী?’

Advertisement