নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আইপিএল-এর ১৮তম মরশুমে তৃতীয় ম্যাচে গুজরাতের কাছে পরাজিত হয়েছে আরসিবি। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে কোহলিরা। তাঁকে বল করতে গিয়ে কিন্তু রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন মহম্মদ সিরাজ। একসময়কার কোহলির অন্যতম সতীর্থ সিরাজ বর্তমানে গুজরাতের মূল পেসার। বুধবার কোহলিকে বল করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েন তিনি।
ম্যাচের প্রথম ওভারেই গুজরাতের প্রধান পেসার হিসেবে বল করতে আসেন মিঁয়াভাই। এই সময়ই ওপেনিংয়ে নামা বিরাটের মুখোমুখি পড়েন তিনি। তবে কোহলিকে বল করতে গিয়ে থমকে যান সিরাজ। রান আপ নিয়ে দৌড়ে গিয়ে বল ডেলিভারি করতে পারেননি তিনি। পরে আবার দৌড়ে এসে বল করেন তারকা পেস বোলার। বিরাটও সিরাজের মনের অবস্থা বুঝে হাত তুলে আশ্বাস দেন ‘অল ইজ ওকে’। যদিও সিরাজের ওভারের দ্বিতীয় বলেই চার হাঁকাতে কসুর করেননি কিং কোহলি।
সিরাজের ওভারের প্রথম দুটি বল দেখে আবেগ ধরে রাখতে পারছেন না আরসিবিয়ানরাও। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুতে কোহলি-সিরাজের যুগলবন্দির কথা স্মরণ করছেন অনেকেই। নেটিজেনরা মনে করছেন, বিরাটকে বল করতে গিয়ে রীতিমতো কেঁদেই ফেলেন সিরাজ। ম্যাচের পর সেকথা অবশ্য লুকিয়ে রাখেননি মিয়াভাই। তিনি ম্যাচ শেষে বলেন, “এটা আমার জন্য খুব আবেগঘন মুহূর্ত ছিল। কারণ আমি আরসিবি-র হয়ে ৭ বছর খেলেছি। একটু নার্ভাসনেস আর একটু আবেগ ছিল। কিন্তু বলটা হাতে আসার পর ধীরে ধীরে প্রস্তুত হয়ে গিয়েছি।”