নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: এসআইআর নিয়ে আন্দোলন তীব্র করছে তৃণমূল। পাশাপাশি এসআইআর আতঙ্কে মৃতদের প্রতিও শ্রদ্ধা জানাতে জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসকদল। কেন্দ্রকে বিঁধে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করল বারাসত ২ ব্লক তৃণমূল নেতৃত্ব। তবে সকালে তৃণমূলের ব্লক সভাপতির মিছিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবাদ মিছিলে বাজল তারস্বরে সাউন্ড বক্স। সবুজ আবির খেলা থেকে কোমর দোলানো কোনও কিছুই বাদ থাকল না। বারাসত ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নিয়ে দলের অন্দরে ক্ষোভ অব্যাহত। এই আবহে ‘ক্ষমতা প্রদর্শনে’ দলের দু’পক্ষই।
এসআইআর নিয়ে বারাসত দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে একটি মিছিল হয়। ব্যানারে লেখা এসআইআর বিরোধিতার কথা। কিন্তু বাস্তবে দেখা গেল বিকট শব্দে বাজছে মাইক ও সাউন্ড বক্স। সঙ্গে আবির খেলা। অনেকে এটাকে তৃণমূলের বিজয় মিছিল বলে টিপ্পনি দিয়েছেন। বিকেলে শাসনের আমিনপুরে পায়ে হেঁটে শোক ও প্রতিবাদ মিছিল করল ব্লকের ‘বিক্ষুব্ধ’ তৃণমূল নেতৃত্ব। যেখানে দলের বর্ষীয়ান নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিদের সিংহভাগ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এসআইআর নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ডাকে সর্বদল বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। তাতে প্রত্যেকে এক সুরেই বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেই দাবি জানিয়েছেন। এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শশাঙ্ক শেট্টির উপস্থিতিতে এদিনের বৈঠক হয়েছে। এসআইআর নিয়ে হাওড়াতেও জেলাশাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সদর ও গ্রামীণের তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম সহ প্রায় সব দলের প্রতিনিধিরা। কোন পদ্ধতিতে এসআইআর হবে, কতদিন ধরে চলবে এই প্রক্রিয়া, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয় এদিন।