নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর মিষ্টির দাম ১০০ টাকা।
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর মিষ্টির দাম ১০০ টাকা।
২০০ গ্রাম ওজনের ক্ষীর ও ছানা। তা মিশিয়ে পাক দিয়ে তৈরি সন্দেশ। উপরের অংশে চারদিকে হলুদ রঙের বর্ডার। মাঝখানে সবুজ, কমলা আর লাল রঙে লেখা, ‘এসআইআর’।
রাজ্যজুড়ে এখন একটাই ইস্যু। একটাই চর্চিত বিষয়, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা ‘এসআইআর’। এই ‘হট টপিক’ নিয়ে সাধারণ মানুষের মুখে নানা প্রশ্ন। বাড়ছে আতঙ্ক। এই আবহে মিষ্টিমুখ করার জন্য এবং আতঙ্কিত না হওয়ার বার্তা দিতে এসআইআর সন্দেশ বানিয়েছেন অশোকনগরের মিষ্টি বিক্রেতা কমল সাহা। এই উদ্যোগ নিয়ে তিনি নজর কেড়েছেন মানুষের। ক্রেতারা অন্যান্য মিষ্টি কিনতে এসে এক-দু’পিস এসআইআর সন্দেশও কিনে নিয়ে যাচ্ছেন।
অশোকনগর স্টেশন রোড এবং যশোর রোডের সংযোগস্থলে রয়েছে কমল সাহার মিষ্টির দোকান। এর আগেও রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেওয়া বিভিন্ন ইস্যু চলাকালীন মিষ্টি বানিয়ে সাড়া ফেলেছিলেন কমল। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বানিয়েছিলেন ব্যালট মিষ্টি। আরজি করের ঘটনার সময় বানিয়েছিলেন জাস্টিস মিষ্টি। এবার এসআইআর চালু হতেই কমল বানিয়ে ফেললেন ‘এসআইআর সন্দেশ’। এক পিসের দাম ১০০ টাকা। কমলবাবু বলেন, ‘সন্দেশ কথার অর্থ খবর। এই মিষ্টির মাধ্যমে আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছি। মিষ্টির স্বাদটাই শুধু গ্রহণ করুন ক্রেতারা।’ ক্রেতা সায়ন্তিকা বল্লভ বলেন, ‘ওঁরা অনেক সময় ব্যতিক্রমী মিষ্টি বানান। এবারও বানিয়েছেন এসআইআর সন্দেশ। দামটা একটু বেশি। তবে এই আধুনিক মিষ্টি আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। সবাই খেয়ে চমকে যাবে।’