নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর ট্রাইবুনল নিয়ে গণ-পিটিশন দাখিল করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। প্যালেস্তাইনের গাজার উদাহরণ টেনে সিপিআইএমএল লিবারেশনের তরফে মামলা করেছেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। আদালতে এসআইআর-এ বাতিল নাম ও বিচারাধীন বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং ট্রাইবুনালের স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি চেয়ে এই মামলা। আবেদনকারীর বক্তব্য, ইজরায়েলের হামলায় প্যালেস্তাইনের গাজায় হাজার হাজার শিশু নিহত হয়েছে। তেমনই, লক্ষ লক্ষ মা-বাবা পরিজনকে হারিয়ে কাঁদছেন। সেই শিশুদের সঙ্গে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের শিশুর কান্নার মধ্যে কোনো তফাৎ নেই।



