সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন চারজন শিক্ষক-শিক্ষিকা। চারজনকেই বিএলও’র দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে স্কুলের ক্লাস নেওয়া সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। পড়াশোনা প্রায় লাটে। সমস্যা মেটাতে অন্য স্কুলের শিক্ষককে এখানে অস্থায়ীভাবে বদলি করা হয়েছে। আর তাতে সমস্যা অনেকটাই মিটেছে বলে দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।
পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১০২ জন। বিদ্যালয়ের চারজন শিক্ষিক-শিক্ষিকা এসআইআর-এর কাজের দায়িত্ব পাওয়ায় পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। ফর্ম বিলির প্রয়োজনে ছুটির আগেই শিক্ষক শিক্ষিকাদের ফর্ম বিলির কাজে বেরিয়ে পড়তে হচ্ছিল। সমস্যার বিষয়টি ব্লক প্রশাসন এবং ব্লক শিক্ষাদপ্তর জানার পরই অন্য একটি বিদ্যালয় থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে এই বিদ্যালয়ে ‘বদলি’ করা হয়। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, বিদ্যালয়ের চারজন শিক্ষক-শিক্ষিকা এসআইআর-এর কাজের দায়িত্ব পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছিল। অন্য একটি বিদ্যালয় থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে ওই বিদ্যালয়ে বদলি করা হয়েছে। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, বিদ্যালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি তাঁদের বিএলও’র কাজ করতে হবে। আর সেক্ষেত্রে কোথাও পঠন পাঠনে সমস্যা হলে অন্য বিদ্যালয়ের শিক্ষকদের অস্থায়ীভাবে সেখানে পাঠানো হবে। যেটা পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে। অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস পাখিরা জানান, ওই শিক্ষক আমাদের বিদ্যালয়ে আসায় সমস্যা অনেকটাই মিটেছে। এর জন্য ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।