পরিধিতে আসছে সিঙ্গুর-অশোকনগর, কেএমডিএর এলাকা বাড়ছে আড়াই গুণ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)— নামে কলকাতা থাকলেও আদতে হুগলির বাঁশবেড়িয়া থেকে হাওড়ার উলুবেড়িয়া আর দক্ষিণ ২৪ পরগনার পুজালি থেকে নদীয়ার কল্যাণী পর্যন্ত সবটাই এর অধীনে। রাজ্যে পালাবদলের পর এবার বাড়তে চলেছে সেই পরিধি! কারণ, কেএমডিএ’র আওতায় আরও প্রায় ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। সেই মতো কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নবান্ন। সব কিছু পরিকল্পনা মাফিক এগলে হুগলির সিঙ্গুর থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলও চলে আসবে কেএমডিএ-র অধীনে।

Advertisement

রাজ্যের আর্থিক উন্নয়নের সঙ্গে পরিকাঠামো উন্নয়নের বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। আর সেই কারণেই কেএমডিএ’র এলাকা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এটির অধীনে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১,৮৭৬ বর্গকিমি এলাকা। রাজ্যের পরিকল্পনা, তা বাড়িয়ে অন্তত ৫ হাজার বর্গকিমি করা। অর্থাৎ, নতুন করে প্রায় ৩ হাজার বর্গকিমি এলাকাকে শহরাঞ্চলের পরিকল্পিত উন্নয়নের অংশীদার বানাতে তৎপরতা শুরু হয়েছে নবান্নে। কিন্তু কোন কোন এলাকা জুড়বে কেএমডিএ’র অধীনে? প্রাথমিকভাবে বাণিজ্যিক কর্মকাণ্ড বেশি, এমন এলাকাকে অগ্রাধিকার দেওয়ার ভাবনা রাজ্যের। বর্তমানে কেএমডিএ-র আওতায় রয়েছে ৪১টি পুরসভা এবং ২৩টি পঞ্চায়েত সমিতি। তার সঙ্গে আরও কিছু পুর এলাকা এবং বেশ কয়েকটি পঞ্চায়েতকে কেএমডিএ’র অধীনে আনার বিষয়টি প্রস্তাবে থাকবে বলেই ধরে নিচ্ছে প্রশাসনিক মহল। সেই সুবাদে সিঙ্গুর এবং অশোকনগরের মতো জায়গা অগ্রাধিকার পাওয়ার কথা। কারণ, শিল্পস্থাপনের ক্ষেত্রে সিঙ্গুরকে ঘিরে বড়োসড়ো পরিকল্পনা রয়েছে বর্তমান রাজ্য সরকারের। আবার তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র হিসাবে দেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অশোকনগর। কলকাতার কাছাকাছি নদীয়ার কল্যাণীতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। সেই কারণে বর্তমানে কেএমডিএ-র অধীনে থাকা কল্যাণীর আশপাশের বেশ কিছু এলাকাকে জোড়া হবে তালিকায়। তবে জানা গিয়েছে, কেবল কলকাতা ও তৎসংলগ্ন ছয় জেলারই নতুন এলাকা আসবে কেএমডিএ’র অধীনে। অন্য কোনো জেলাকে এর আওতায় আনার পরিকল্পনা নেই। আবার বেশি জলাজমি থাকায় দক্ষিণের দিকেও এলাকা সম্প্রসারণে আগ্রহ নেই রাজ্যের। পশ্চিম এবং উত্তরের দিকেই বেশি করে এলাকা বৃদ্ধির ভাবনা রয়েছে। সমস্ত মাপকাঠি অনুযায়ী কেন কোন এলাকা কেএমডিএ-র আওতায় আসা উচিত, তা চিহ্নিত করতে ইতিমধ্যে পরামর্শদাতা সংস্থা নিযুক্ত করেছে নবান্ন।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সামান্য কিছু বদল ছাড়া বিগত ৫৪ বছরে এলাকা বাড়েনি কেএমডিএ’র। অথচ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হায়দরাবাদ মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির এলাকা বর্তমানে ১০,৪৭২ বর্গকিমি। এমনকি হলদিয়া উন্নয়ন পর্ষদ (২,৩৬০ বর্গকিমি) এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (২,২২২ বর্গকিমি) এলাকাও হারিয়ে দেয় কলকাতাকে।