ইসলামাবাদ: মারকাজ তোইবা—মুরিদকের এই ক্যাম্পেই তৈরি হয়েছে বড়ো বড়ো মুজাহিদিন! একের পর এক অপারেশনে সাফল্য পেয়েছে সেই ‘যোদ্ধা’রা। কিন্তু অপারেশন সিন্দুরে সেই জঙ্গিশিবিরই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চারদিকে এখনও ছড়িয়ে ছিটিয়ে ইট-পাথর। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ভারতীয় সেনার সাফল্যের কার্যত ‘প্রমাণ’ দিলেন খোদ লস্কর-ই-তোইবার কমান্ডার কাসিম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। তাতেই ফের বিপাকে পাকিস্তান। যুদ্ধবিরতির পর থেকেই শাহবাজ শরিফের দেশ একের পর এক ভুয়ো দাবি করে এসেছে। বারবার ভারতীয় সেনার সাফল্য অস্বীকার করে জয়ের ‘মিথ্যা’ দামামা বাজিয়েছে। দিন কয়েক আগে সেই মিথ্যাচার ফাঁস করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ‘মিশন মুস্তাফা কনফারেন্সে’ দাঁড়িয়ে জয়েশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বয়ং জানিয়েছিল—‘অপারেশন সিন্দুরে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে জয়েশ সুপ্রিমো মাসুদ আজহারের প্রিয়জনদের দেহ।’ এবার কার্যত একই দাবি ইসলামাবাদের ‘পালিত-পুত্র’ লস্কর কমান্ডার কাসিম।
পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে ৭ মে ভোররাতে অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি এলাকায় চলে ক্ষেপণাস্ত্র হামলা... অপারেশন সিন্দুর! আর তাতেই তছনছ হয়ে যায় পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি শিবির। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে অবস্থিত জঙ্গিশিবির মারকাজ তোইবা। শুক্রবার সামনে আসা ভিডিওয় সেকথা অকপটে স্বীকার করে নিয়েছে লস্কর কমান্ডার কাসিম। তাঁর বক্তব্য, ‘আমি এখন মুরিদকের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপারেশন সিন্দুরে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। একসময় এখানেই প্রশিক্ষণ নিয়েছিল মুজাহিদিন, তালাবা সহ একাধিক সংগঠনের বড় বড় নেতা। তবে চিন্তা নেই। আমরা আবার এই ক্যাম্প তৈরি করব। আর আরও বড় করে নির্মাণ করা হবে শিবিরটি। ’ আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে যুবসমাজকে মুরিদকের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কাসিম।
লস্কর কমান্ডারের এই বক্তব্য সামনে আসার পর থেকেই ইসলামাবাদের বিরুদ্ধে ফের নিন্দার ঝড় উঠেছে। ভারত বারবার দাবি করেছে জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তান। কিন্তু প্রতিবারই সেই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। এবার পাকিস্তানকে বেআব্রু করছে সে দেশের ছত্রছায়ায় বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলিই। পাকসেনার জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস একাধিক বার জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরকারের যোগসূত্র আড়াল করতে চেয়েছে। আগেই সেই খবর প্রকাশ্যে এসেছিল। এবার প্রথমে জয়েশ ও পরে লস্কর কমান্ডারের বক্তব্য সেই তথ্যে সিলমোহর দিল। মুখোশ ছিঁড়ে বের করে আনল পাকিস্তানের আসল চেহারা!