রোম: ইতালিয়ান ওপেনের প্রথম সেটে জানিক সিনার তখন এগিয়ে ৩-১ ব্যবধানে। গ্যালারিতে উপস্থিত দর্শকরা সমবেত কণ্ঠে গেয়ে চলেছেন, ‘ওলে, ওলে, ওলে, সিন-নার, সিন-নার’। হওয়ারই কথা। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে একশো দিনেরও বেশি সময় পর টেনিস কোর্টে ফিরলেন সিনার। শেষ পর্যন্ত স্ট্রেট সেটে ম্যাচ জিতে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন ২৩ বছর বয়সি ইতালিয়ান তারকা।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আর কোর্টে নামেননি সিনার। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের মাটিতেই প্রথম নামলেন। ইতালিয়ান ওপেনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন মারিয়ানো নাভোন। ম্যাচটি ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে জেতেন তিনি। খেলার শেষে সিনার বলেন, ‘অনেকদিন অপেক্ষা করেছি কোর্টে নামার জন্য। এরমধ্যে আমি প্রস্তুতি চালিয়ে গিয়েছি। তবে দক্ষতার শীর্ষে পৌঁছতে আরও কিছু ম্যাচ লাগবে। শুরুটা ভালো হওয়ায় মনোবল বেড়ে গেল।’