তুরিন: বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে কার্লোস আলকারাজের কাছে হার। তার জেরে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়াতে হয় জানিক সিনারকে। সিংহাসনের নতুন রাজা আলকারাজ। রোববার রাতে তারই মধুর প্রতিশোধ নিলেন ইতালিয়ান তারকা। এটিপি ফাইনালসের খেতাবি লড়াইয়ে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বছর শেষ করলেন সিনার। জিতলেন ৭-৬ (৭-৪), ৭-৫ স্ট্রেট সেটে।
ইতালির তুরিনে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়েছেন সিনার। গ্যালারিতে হাজির ছিলেন তাঁর গোটা পরিবার। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে ম্যাচের শুরু থেকেই সেরা ছন্দ মেলে ধরেন সিনার। প্রথম সেট টাই-ব্রেকারে গড়ালেও শেষ হাসি হাসলেন তিনি। দ্বিতীয় সেটের শুরুতে সার্ভিস খোয়াতে হয় তাঁকে। তবে দ্রুত ভুল শুধরে নিয়ে আলকারাজের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন ইতালিয়ান তারকা। দুরন্ত প্রত্যাঘাতে ভেঙে দেন প্রতিপক্ষের সার্ভিস। এরপর মরিয়া চেষ্টা করেও খেলা তৃতীয় সেটে নিয়ে যেতে পারেননি স্প্যানিশ তারকা। ম্যাচ শেষে হতাশ আলকারাজ বলেন, ‘আমি সেরাটা মেলে ধরেছি। কিন্তু সিনারকে টেক্কা দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ইন্ডোর টেনিসে গত দুই বছরে একটা ম্যাচও হারেনি। এদিও অসাধারণ খেলল। সিনারকে অনেক শুভেচ্ছা।’ পক্ষান্তরে, চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সিনার। তাঁর কথায়, ‘বাড়ির সবাই আজ গ্যালারিতে উপস্থিত ছিল। সকলের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।’
চলতি মরশুমে চারটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন সিনার। তার মধ্যে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। উল্লেখ্য, অল ইংল্যান্ড ক্লাবের গ্রাস কোর্টে আলকারাজকেই বশ মানিয়েছিলেন তিনি। এবার এটিপি ফাইনালে খেতাবও ধরে রাখলেন সিনার।