Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চশিক্ষার খুঁটিনাটি জানাতে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলল শিলিগুড়ির শিক্ষা মেলা

ভবিষ্যতের দিশা পেতে সোমবার শিলিগুড়ি শহরের হিলকার্ট রোডের একটি বিলাসবহুল হোটেলে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের ভিড় উপচে পড়ল

উচ্চশিক্ষার খুঁটিনাটি জানাতে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলল শিলিগুড়ির শিক্ষা মেলা
  • ১০ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: ভবিষ্যতের দিশা পেতে সোমবার শিলিগুড়ি শহরের হিলকার্ট রোডের একটি বিলাসবহুল হোটেলে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের ভিড় উপচে পড়ল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০টিরও বেশি স্টলে ঘুরে ঘুরে খুঁটিনাটি খোঁজ নিলেন উচ্চশিক্ষায় কোন কোর্সে পড়াশোনা, চাকরির ভালো সুযোগ রয়েছে। 

Advertisement

জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের আগেই প্রথমবার শিলিগুড়িতে এই প্রাক কাউন্সেলিং ও শিক্ষা মেলার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস (এপিএআই), ওয়েস্টবেঙ্গল। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কাউন্সেলিং ও শিক্ষা মেলায় শিলিগুড়ি ও আশপাশ অঞ্চলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরা এসেছিলেন। 
এপিএআই, ওয়েস্ট বেঙ্গল সংগঠনটিতে রাজ্যের প্রথম সারির স্বনির্ভর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি একত্রিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে বি-টেক, বি-ফার্ম, এম-টেক, এমসিএ, এমবিএ, বিসিএ, বিবিএ, বিএইচএম ইত্যাদি পাঠক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে আসছে। যা প্রত্যেকটি ছেলেমেয়ের স্বপ্নের ভবিষ্যৎ গড়তে সাহায্য করছে। 
সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে প্রায় ৮৫ শতাংশ আসন এই এপিএআই’র সদস্য প্রতিষ্ঠানগুলির অধীনে পরিচালিত হয়। যা এপিএআই’র গুরুত্ব বাড়িয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সুরক্ষা, ইন্টানেট অব থিংস, ফার্মেসি, আর্কিটেকচার সহ বিভিন্ন আধুনিক বিষয়ে পড়াশোনা করানো হয়। 
এদিনের প্রাক কাউন্সেলিং ও শিক্ষা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন এপিএআই’র সভাপতি তরণজিৎ সিং, সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ সমিত রায়, কিশোরকুমার কেজরিওয়াল, তরুণ ভট্টাচার্য প্রমুখ। সাধারণ সম্পাদক বলেন, প্রত্যেক বছরই এপিএআই’র সদস্য প্রতিষ্ঠানগুলি দেশ-বিদেশের বহু নামী সংস্থায় হাজার হাজার ছাত্রছাত্রীকে চাকরির সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে এই ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গকে সাশ্রয়ী ও মানসম্পন্ন শিক্ষার অন্যতম কেন্দ্রে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবারই আমরা প্রথম শিলিগুড়িতে প্রাক কাউন্সেলিং ও শিক্ষা মেলা করলাম। এতে আমরা ভালো সাড়া পেলাম।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ