Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শিলিগুড়িতে রিচার নামে হবে স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনন্য সম্মান বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে। সোনার মেয়ের নামে ক্রিকেট স্টেডিয়াম হবে তাঁর নিজের শহরে। সোমবার শিলিগুড়িতে পৌঁছে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়িতে রিচার নামে হবে স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, শিলিগুড়ি: অনন্য সম্মান বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে। সোনার মেয়ের নামে ক্রিকেট স্টেডিয়াম হবে তাঁর নিজের শহরে। সোমবার শিলিগুড়িতে পৌঁছে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়ার চাঁদমণিতে এই স্টেডিয়ামের নাম হবে ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’। মুখ্যমন্ত্রী বলেন, ‘এতে রিচার অবদানকে মানুষ মনে রাখবে। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে।’ 

Advertisement

ভারতে এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারের নামে তৈরি হয়নি স্টেডিয়াম। খেলোয়াড়দের নামে বড়জোর গ্যালারির একটি স্ট্যান্ড রয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাসে ভাসছে শিলিগুড়ি। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ রীতিমতো আবেগাপ্লুত। তিনি বলেছেন, ‘মেয়ের নামে ক্রিকেট স্টেডিয়াম হবে, এটা নিশ্চয়ই আমার কাছে বাড়তি পাওনা। তবে তার চেয়েও বড় বিষয় হল শিলিগুড়িতে ক্রিকেটের জন্য একটা স্টেডিয়াম হবে। এজন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।’ শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উত্তরবঙ্গবাসীর তরফে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।  
রিচার প্রথম কোচ গোপাল সাহার মতে, ‘এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। রিচার যা পারফরমেন্স, তাতে এমনটাই ওর প্রাপ্য ছিল। মুখ্যমন্ত্রী রিচাকে সেই সম্মান দেওয়ায় খুশি। স্টেডিয়াম হলে আগামী দিনে শিলিগুড়িতে অনেক প্রতিভার আত্মপ্রকাশ ঘটবে।’ ঋদ্ধিমান সাহার কোচ জয়ন্ত ভৌমিকও আবেগে ভাসছেন, ‘অনেকদিন ধরেই শিলিগুড়িতে একটা ক্রিকেট স্টেডিয়ামের কথা বলে আসছি। ঝাঁকেঝাঁকে প্রতিভা এখান থেকে উঠে আসছে। কিন্তু ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম না থাকায় সেভাবে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ মেলে না। রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করায় আমরা খুশি। আশা করব দ্রুত এর বাস্তবায়নও হবে।’
রিচার ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিকের ক্রিকেট সচিব হিন্দোল সেনগুপ্ত বলেন, ‘এতে শিলিগুড়িতে ক্রিকেটের নবজাগরণ ঘটবে। রিচা আমাদের ক্লাবের মেয়ে। এই অল্প বয়সে ওর যা অবদান, তা বাংলার খুব কম ক্রীড়াবিদেরই রয়েছে। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে প্রথম মেলে ধরেছেন ঋদ্ধিমান। এই শহরে ক্রিকেটের উন্মাদনা ও জোয়ার আনার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাই স্টেডিয়ামের নামকরণে রিচার সঙ্গে ঋদ্ধির নামও যুক্ত করার কথা ভাবা হলে খুশি হব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ