নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একমাস ধরে সভাধিপতি নেই। পদে পদে প্রশাসনিক কাজকর্ম হোঁচট খাচ্ছে বলে অভিযোগ। এমন প্রেক্ষাপটে আজ, মঙ্গলবার বিশেষ সাধারণ সভা হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে। প্রশাসন সূত্রে খবর, ওই সভাতেই বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিংবা বর্তমান বোর্ডকে বিজেপির হাতের ‘পুতুল’ করা হতে পারে। যা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে।
সহকারী সভাধিপতি রোমারেশমি এক্কা অবশ্য বলেন, সভায় নিজস্ব তহবিল, পঞ্চদশ অর্থকমিশনের টাকায় করা উন্নয়নমূলক প্রকল্পের অবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আমি পালিয়ে যেতে চাই না। তাই পদত্যাগ করছি না।
প্রায় একমাস আগে পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন তৃণমূল নেতা অরুণ ঘোষ। পদটি ওবিসিদের জন্য সংরক্ষিত। বর্তমানে পরিষদের কোনো ওবিসি সদস্য নেই। তাই নতুন করে সভাধিপতি নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাছে মতামত চেয়েছে।
এদিকে, মহকুমা পরিষদে তৃণমূলের সাত এবং বিজেপির এক সদস্য মাঝেমধ্যে অফিসে আসছেন। কয়েকজন সদস্য বলেন, পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে। দু’জন ওবিসি সদস্যের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর অরুণবাবু সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে বসতে চাইছেন না। সংকটে পরিষদ। তাই এই পঞ্চায়েত আইন সংশোধন করা জরুরি।
এদিকে, আজ সভায় নির্বাচিত আট, পঞ্চায়েত সমিতির চার সভাপতি, দুই বিধায়ক ও একজন এমপি’কে ডাকা হয়েছে।