নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভাড়া বাড়িতেই ভিনরাজ্যের অপরাধীদের ডেরা! এটিএম লুট ও সোনার দোকানে ডাকাতির পর এমন তথ্য পেয়েছে পুলিস। এজন্য এবার ‘চিকেনস নেক’ শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে চালু হল পোর্টাল। শনিবার শহরের সফদার হাসমিচকে আনুষ্ঠানিকভাবে পোর্টালের উদ্বোধন করেছে পুলিস। তারা পুরসভার সঙ্গে যৌথভাবে এটি নিয়ন্ত্রণ করবে। এতে শহরের অপরাধ নিয়ন্ত্রণ ও দমন দু’টিই সম্ভব হবে বলে পুলিস ও পুরসভার দাবি। উভয়পক্ষই পোর্টালটি নিয়ে প্রচার অভিযানে নামছে।
শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর বলেন, এবার থেকে অনলাইনে ভাড়াটিয়াদের তথ্যা সংগ্রহ করা হবে। ভাড়াটিয়াদের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করবেন বাড়ির মালিকরা। পুরসভার সঙ্গে যৌথভাবে সেটি নিয়ন্ত্রণ করা হবে।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ওই পোর্টাল পরিচালনায় নাগরিকদের সহায়তায় পুরভবন ও পাঁচটি বরো অফিসে ক্যাম্প চালু করা হবে। এবিষয়ে শহরের প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে প্রচার চালানো হবে।
শিলিগুড়ি শহরের পাশেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপাল। এছাড়া, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এই শহর থেকে প্রতিবেশী রাজ্য বিহার ও সিকিমের দূরত্বও বেশি নয়। এই বাণিজ্যনগরীর সড়ক, ট্রেন ও বিমান যোগাযোগও ভালো। তাই ভাড়াটিয়াদের উপর নজর রাখতে পুলিস তৎপরতা বাড়িয়েছে। পুলিস কমিশনার বলেন, শহরে বাড়ি ভাড়াটিয়াদের তথ্য অনেকদিন ধরেই নেওয়া হচ্ছে। তা এতদিন অফলাইন ছিল। এজন্য নাগরিকরা নির্দিষ্ট ফর্ম পূরণ করে থানায় জমা করতেন। এখন নাগরিকরা বাড়িতে বসেই অনলাইনে ভাড়াটিয়াদের তথ্য পোর্টালে দাখিল করতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবে পুলিস। এতে শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও দমন দুইই সম্ভব হবে। কাজেই বাড়ির মালিকদের কেউ যদি সেই পোর্টাল ব্যবহার না করেন, তা হলে তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, আড়াই মাসের মধ্যে শহরে তিনটি এটিএম লুটের এবং একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কোনও ঘটনার সঙ্গে হরিয়ানার নুহ গ্যাং, আবার কোনওটির সঙ্গে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা জড়িত। ইতিমধ্যে বিধাননগর ও বাগডোগরায় দুষ্কৃতীদের ডেরার হদিশ মেলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস কমিশনারেটের ওয়েব সাইটে গেলেই মিলবে ওই পোর্টালের লিঙ্ক। মেয়র বলেন, আপাতত কমিশনারেট এলাকায় পোর্টালটি কাজ করবে। শীঘ্রই নিরাপত্তার স্বার্থে গ্রামীণ এলাকার জন্যও এমন পোর্টাল চালু করা হবে।