Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি: আবাসনের গ্যারেজে ফ্ল্যাট বানিয়ে বিক্রি, ভেঙে দিল পুরসভা

শিলিগুড়ির প্রণামী মন্দির রোডে অবৈধ গ্যারেজ ফ্ল্যাট ভেঙে দিল পুরসভা। শহরের একাধিক এলাকায় চলবে অভিযান। বিস্তারিত পড়ুন।

শিলিগুড়ি:  আবাসনের গ্যারেজে ফ্ল্যাট বানিয়ে বিক্রি, ভেঙে দিল পুরসভা
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের শহরের অবৈধ নির্মাণ ও হোর্ডিং-ব্যানারের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ির হায়দরপাড়া সংলগ্ন প্রণামী মন্দির রোডের একটি আবাসনের নীচতলায় গ্যারেজকে ফ্ল্যাট হিসাবে দেখানো হয়েছে। বেশ কয়েকবার এবিষয়ে অভিযোগ জমা হয়েছিল পুরসভার কাছে। নোটিস দেওয়ার পরও কোনো হেলদোল না থাকায় অবশেষে বৃহস্পতিবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন।

Advertisement

এদিন সকালে প্রণামী মন্দির রোডে পৌঁছন পুরসভার আধিকারিকেরা। নোটিস দেওয়ার পরও অবৈধ নির্মাণ কেন ভাঙা হয়নি তা নিয়ে পুর আধিকারিকরা প্রশ্ন তোলেন। এরপরই ওই ভবনের নীচতলায় থাকা গ্যারেজ ফ্ল্যাটটি ভাঙার কাজ শুরু করেন। সেসময় ওই গ্যারেজ ফ্ল্যাটে বসবাসকারীরা প্রতিবাদ করলেও, পুরকর্মীরা তা কর্ণপাত করেননি। দীর্ঘ কয়েক ঘণ্টার অপারেশন চালিয়ে ওই অবৈধ অংশটি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়। পুর আধিকারিকদের দাবি, শহরের একাধিক এলাকায় একইভাবে গ্যারেজ ঘরকে ফ্ল্যাট হিসাবে দেখানো হয়েছে। এই সব অবৈধ নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। কাউকেই রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন পুর আধিকারিকেরা। শুধুমাত্র আবাসন নয়, যে সকল বাড়িও পুরনিগমের আইনকে তোয়াক্কা না করে অবৈধ নির্মাণ করেছে, তাদেরকেও একইভাবে নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 
এদিকে, শহরের একাধিক এলাকায় দেখা যাচ্ছে নিকাশিনালার ওপর বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার টাঙানো রয়েছে। শহরের সেভক রোডে একাধিক এধরনের বেআইনি বিজ্ঞাপনী হোর্ডিং খুলে ফেলা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহরের একাধিক এলাকায় অবৈধ নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে শিলিগুড়ি পুরসভা। আগামীতেও একইভাবে লাগাতার অভিযান চালানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ