Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অসহায় মহিলার স্বামী ও বাবার চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন শিলিগুড়ির মেয়র

অসহায় মহিলার স্বামী ও বাবার চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন শিলিগুড়ির মেয়র
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: নারী দিবসে অসহায় এক নারীর স্বামী ও বাবার চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। সেইসঙ্গে তাঁর প্রতি ওই মহিলার ভুল ধারণাও ভাঙলেন তিনি। এর আগেও ওই মহিলার বাবা ও স্বামীর  চিকিৎসায় পাশে থেকেছেন মেয়র। কিন্তু তিনি তা জানতে পারেননি। ওই মহিলার ভুল ধারণা ছিল যে, সাহায্য চেয়েও তিনি মেয়রের কাছে তা পাননি। 

Advertisement

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিঙ্কি সাহা। মেয়র ওই ওয়ার্ডের কাউন্সিলর। শনিবার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে তিনি ফোন করেন। মেয়রকে তিনি সরাসরি অভিযোগ করেন, বাবা এবং স্বামীর চিকিৎসায় সাহায্যের আবেদন করা সত্ত্বেও কোনও সহযোগিতা পাইনি। 
মেয়র তাঁকে সব কাগজপত্র নিয়ে পুরসভায় এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। পিঙ্কিদেবী পুরসভায় এসে মেয়রের সঙ্গে দেখা করেন। তাতে দেখা যায় ২০১৮ সালে গৌতম দেব রাজ্যের মন্ত্রী থাকার সময় তাঁর বাড়ি এসে দেখা করেছিলেন পিঙ্কি সাহা। মেয়র বলেন, তাঁর বাবার চিকিৎসার জন্য ২০২২ সালেও তিনি যোগাযোগ করেন। ফুলবাড়ির একটি নার্সিংহোমকে চিকিৎসার ব্যাপারে আমার অফিস থেকে বলা হয় সাহায্য করার জন্য। কিন্তু তারা প্রত্যাশিত সাহায্য করেনি। তাঁর বাবার অ্যাঞ্জিওগ্রাফ সেখানে করা হয়। কলকাতায় স্টেইন বসানো হয়। তারপর পিঙ্কিদেবী তাঁর স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চান ২০২৩ সালের ৩০ জুলাই। তাঁকে আমার কাউন্সিলার তহবিল থেকে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়। তা পুরসভা থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাঁর ব্যাঙ্কের যান্ত্রিক ত্রুটির জন্য পাশবই আপডেট করতে পারেননি। তাই তিনি জানতে পারেননি এই টাকা পাওয়ার কথা। 
সবটা বোঝার পর পিঙ্কি সাহা এদিন সাক্ষাতে মেয়রকে জানান, ওষুধের জন্য মাসে তাঁর প্রায় ৩৫০০ টাকা দরকার হয়। মেয়র বলেন, আমি তাঁকে বলেছি, প্রেসক্রিপশন সহ আমাকে লিখিত আবেদন জানাতে। আমার কাউন্সিলার তহবিল থেকে বা মেয়র রিলিফ ফান্ড থেকে তাঁর প্রয়োজনীয় ওষুধের জন্য সাধ্যমতো ব্যাবস্থা করব। চিকিৎসা ও শিক্ষার জন্য প্রতিটি আবেদন আমি অগ্রাধিকার দেই। তাই এদিন অসহযোগিতার অভিযোগ শুনে বিস্মিত হয়েছিলাম। ভুল ভাঙাতে পিঙ্কি সাহাকে ডেকে নিই পুরসভায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ